টাইমের পারসন অব দ্য ইয়ার ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার আগেই ‘টাইম’ সাময়িকীর চোখে পারসন অব দ্য ইয়ার ২০১৬ হয়েছেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার সকালে ‘টাইম’ সাময়িকী পারসন অব দ্য ইয়ার ২০১৬-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এক বছরে গণমাধ্যমে যেসব ব্যক্তির সবচেয়ে ইতিবাচক বা নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়, ‘টাইম’ সাময়িকী তাঁদেরই পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে। শুরুতে পাঠকদের ভোটে একটি তালিকা প্রস্তুত করা হয়। পরে সেখান থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
‘টাইম’ সাময়িকীর ৯০তম পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, এটা বিশাল সম্মান। তাঁর কাছে এটা অনেক কিছু।
‘টাইম’ সাময়িকীর পারসন অব দ্য ইয়ার ২০১৬-এর সংক্ষিপ্ত তালিকায় ট্রাম্পের পাশাপাশি আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়া সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
‘টাইম’ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, পারসন অব দ্য ইয়ার ২০১৬-এর দৌড়ে আরও আছেন নোট বাতিল থেকে শুরু করে নানা ঘটনায় আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রিও অলিম্পিকে চার সোনাসহ পাঁচ পদকজয়ী ১৯ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস, ডিএনএ সম্পাদনার প্রযুক্তির আবিষ্কারক ক্রিসপারের কয়েকজন বিজ্ঞানী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সফল প্রচারণাকারী যুক্তরাজ্যের ইনডিপেনডেন্স পার্টির প্রধান নাইজেল ফারাজ, দ্য ফ্লিন্ট হুইসেলব্লোয়ারস, মার্কিন পপতারকা ও জাতিগত অবিচার, পুলিশি হামলা ও নারীবাদ নিয়ে প্রতিবাদী বিয়ন্স নোয়েলস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।