টাক পড়ছে ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প আলোচনায়। এসব আলোচনার একটি বিষয় ট্রাম্পের চুল, আর তার বিন্যাস। এ নিয়ে কৌতুক কম হয়নি, কার্টুনও কম ছাপা হয়নি। যে চুল নিয়ে এত আলোচনা, সেই চুল নাকি ইদানীং পড়ে যাচ্ছে। টাক পড়তে শুরু করেছে ট্রাম্পের। বিষয়টা তিনি নিজেই বলেছেন। তবে কৌতুক করে।
গত শুক্রবার কৌতুকটি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওয়াশিংটনের বাইরে দলের রক্ষণশীল নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর টাক পড়ার কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আমার মাথায় যে চুলের মাঝে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, তা লুকানোর সর্বাত্মক চেষ্টা করি আমি।’ এ সময় উপস্থিত লোকজনের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয়। ট্রাম্প আবারও বলেন, ‘এটা দেখতে খুব একটা খারাপ না কিন্তু।’
নিজের মাথায় টাক পড়া নিয়ে হাস্যরস করলেও ঘটনা কিন্তু সত্যি। ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় বিষয়টা প্রথম ধরা পড়ে। সাংবাদিকদের ক্যামেরাকে পেছনে ফেলে তিনি তখন উড়োজাহাজটির সিঁড়ি ভাঙছিলেন। এ সময় বাতাসের এক ঝাপটায় তাঁর চুলগুলো এলোমেলো হয়ে যায়। এ সময়ই ট্রাম্পের টাক মাথা ক্যামেরায় ধরা পড়ে।