টায়ার গলায় দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলায় টায়ার আটকে থাকা সেই এল্ক
ছবি: সংগৃহীত

মানুষের কারণে বনের পশুপাখির ভোগান্তির নানান ঘটনার কথা হরহামেশা শোনা যায়। তেমনই একটি ভোগান্তির ঘটনা নতুন করে শোরগোল ফেলেছে। এবার ভোগান্তির শিকার হয়েছে একটি এল্ক (হরিণের মতো বাঁকানো শিংওয়ালা এক প্রজাতির স্তন্যপায়ী চতুষ্পদী প্রাণী)। গলায় রাবারের তৈরি ভারী টায়ার আটকে গিয়েছিল এল্কটির। টানা দুই বছরের বেশি সময় প্রাণীটি গলায় টায়ার ঝুলিয়ে ঘুরেছে। সম্প্রতি প্রাণীটির গলা থেকে ওই টায়ার অপসারণ সম্ভব হয়েছে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের প্রাকৃতিক জঙ্গলের। ২০১৯ সালের জুলাই মাসে ওই জঙ্গলে পশুশুমারির কাজে গিয়েছিলেন বন বিভাগের কর্মীরা। ওই সময় তাঁরা রকি পর্বতের পাদদেশের এলাকায় ভেড়া ও বুনো ছাগলের শুমারির কাজ করছিলেন। তখনই গলায় টায়ার আটকে থাকা এল্কটি দেখতে পান বনকর্মীরা। কিন্তু সেটিকে তখন ধরা কিংবা টায়ার অপসারণ করা সম্ভব হয়নি।

কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওই সময় এল্কটির বয়স ছিল দুই বছরের কাছাকাছি। এর পর থেকে সেটিকে অনেক খোঁজা হয়েছে। অবশেষে গত শনিবার সন্ধ্যায় কলোরাডোর পাইন জংশনের বাসিন্দারা প্রাণীটিকে আবারও লোকালয়ের পাশে দেখতে পান।

বন বিভাগকে জানালে কর্মীরা দ্রুত সেখানে গিয়ে দেখেন, প্রাণীটি দুই বছর আগে দেখা সেই এল্ক। এ সময় বনকর্মীরা এল্কটিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করেন। পরে প্রাণীটির গলা থেকে অপসারণ করা হয় রাবারের টায়ার। বনকর্মীরা জানান, দুই বছরের বেশি সময় ধরে ভারী একটি টায়ার ঝুলে থাকায় প্রাণীটির গলায় দাগ বসে গেছে। তবে এল্কটি খুব বেশি আহত হয়নি।

মার্কিন বনকর্মী স্কট মুরদোচ জানান, এল্কটির বছর চারেক বয়স হয়েছে এখন। ওজন প্রায় ২৭০ কেজি। প্রাণীটির গলা থেকে অপসারণ করা রাবারের টায়ার ও সেটির ভেতরে থাকা আবর্জনার ওজন প্রায় ১৬ কেজি। ধারণা করা হচ্ছে, শৈশবে শিং ওঠার আগেই কিংবা শীতকালে ঠান্ডার হাত থেকে শিং বাঁচাতে গিয়ে এল্কটির গলায় টায়ার আটকে যায়। হরিণের মতো বড় ও বাঁকানো শিঙের কারণে পরে টায়ারটি আর ফেলতে পারেনি প্রাণীটি।