খেলা টি-টোয়েন্টি; কিন্তু সেই চার-ছয়ের মারমার-কাটকাট ব্যাটিং হচ্ছে না এবার। করোনার ধাক্কা সামলাতে পারেনি এখনো যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্রিকেট লিগ অনুষ্ঠিত হওয়াটাই অনেক বড় ব্যাপার। তারপরও খেলাটি টি-টোয়েন্টি বলেই রানের পাহাড় দেখার আশা থাকে। কিন্তু এবার এনওইয়াইবিসিএল পরিচালিত নিউইয়র্ক বাংলাদেশ টি-টোয়েন্টি লিগে তেমন বড় স্কোর করতে পারেনি অংশগ্রহণকারী ২০ দলের কেউই।
গ্রুপ পর্যায়ের দু-একটি খেলায় দুর্বল দলের বিপক্ষে বড় স্কোর এলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা। এবারের আসরে বোলারদের দাপটই বরং বেশি করে চোখে পড়ছে। বোলারদের কাঁধে ভর করেই চারটি দল এরই মধ্যে পৌঁছে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে।
এবার আসরের শুরু থেকেই ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বজায় রেখেছেন বোলাররা। স্লো উইকেট, আর লো স্কোরিং ম্যাচে ব্যাটসম্যানদের জন্য ১০০ থেকে ১২০ রান টপকানো যেন দুঃস্বপ্নের ব্যাপার হয়ে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে একমাত্র ঈগলস ক্রিকেট ক্লাব অরবিটের বিপক্ষে দলীয় ১৫০ রান পার করতে পেরেছে। দলটি ১৫২ রান করেছে ৮ উইকেটের বিনিময়ে। এই স্কোরও হতো না যদি শেষের দিকে ব্যাটসম্যান অপুর ২৪ বলে ৪৮ রান ও বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্যের ২৭ বলে ৩৪ রানের ইনিংস দুটি না হতো। ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অরবিটের রানের চাকা ১২৩ রানে আটকে যায়। ঈগলসের পক্ষে মাসুদ ৩ উইকেট নেন। ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলায় অপু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের আরেক খেলায় দ্য ওয়ারিয়রসের বিপক্ষে গ্ল্যাডিয়েটরস মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায়। ওয়ারিয়রসের রাহাত ও ইশতিয়াক ৩টি করে উইকেট নেন। আর ভীষণ কৃপণ হয়ে ওঠা ফয়সল ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সৃজন ও জাকিরের ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেটের বড় জয় পায় ওয়ারিয়রস। অনুমিতভাবেই ফয়সাল হন ম্যাচসেরা।
তবে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে স্নায়ুক্ষয়ী ম্যাচটি হয়েছে গোল্ডেন বাংলা ও টাইগারসের মধ্যে। প্রথমে টাইগারস ব্যাট করতে নেমে মিনহাজ সিফাতের ৬০ রানের ওপর ভর করে ১২৭ রানের পুঁজি গড়ে। জবাবে ব্যাট করতে নেমে টাইগারস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গোল্ডেন বাংলা। এক সময় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় টাইগারসের হাতে। এই সময়টির জন্যই যেন অপেক্ষায় ছিলেন গোল্ডেন বাংলার কোয়ার্টার ফাইনালে আসার কারিগর লিসান চৌধুরী। হারের শঙ্কায় যখন গোল্ডেন বাংলা দিশেহারা, তখন লিসানের ১৯ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে টাইগারস ম্যাচটি জিতে নেয় ৩ উইকেটে। বোলিংয়ে ৩ উইকেট ও ব্যাটিংয়ে ৩৩ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন লিগের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার লিসান চৌধুরী।
এদিকে দিনের অন্য খেলায় সেমিফাইনাল নিশ্চিত করেছে টিম লাইকানস। ব্রুকলিন লাইকানসকে দলটি ১৩ রানে হারিয়েছে। টিম লাইকানস সিদ্দিক বাহার ব্যক্তিগত ২৫ রান ও বোলিংয়ে ২ উইকেটে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।