টি-টোয়েন্টি লিগের ফাইনালে ঈগলস ও গোল্ডেন বাংলা
এনওইয়াইবিসিএলের পরিচালনায় নিউইয়র্ক-বাংলাদেশ টি-২০ লিগের ফাইনালে উঠেছে ঈগলস ক্রিকেট ক্লাব ও গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব।
২৬ সেপ্টেম্বর লিগের সেমিফাইনালে টান টান উত্তেজনা। সেই উত্তেজনার মাত্রা এতই ছিল যে, শেষমেশ সুপার ওভারে গড়াল ম্যাচটি। আর সুপার ওভারে টিম লাইকান্সকে হারিয়ে এবারের আসরের স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব।
এনওয়াইবিসিএলের আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনালে গোল্ডেন বাংলার বিপক্ষে টসে জিতে টিম লাইকান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গোল্ডেন বাংলা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রাফি ২৩ বলে ২৪ ও ইকবাল ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন। টিম লাইকান্সের বোলার সাকীফ, বাহার, নাসির ও মান্না নেন দুই উইকেট। এদিনও গোল্ডেন বাংলা দলের সুমন বারী কোনো স্কোর করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা লাইকান্স প্রথম পাঁচ ওভারে দ্রুত ৫০ রান টপকে যায়। একটা সময় মনে হচ্ছিল টিম লাইকান্স অনায়াসে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করবে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা প্রমাণ করলেন গোল্ডেন বাংলার দুই বোলার অধিনায়ক রাজু ও জনি। এই দুজনের টানা ৭ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে গোল্ডেন বাংলা। টিম লাইকান্স মাঝে দ্রুত দুটি উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে যায়। তারপর মিডল অর্ডার ব্যাটসম্যান তানিম ও নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও খেলায় ফিরে আসে টিম লাইকান্স।
এনওয়াইবিসিএলের আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনালে গোল্ডেন বাংলার বিপক্ষে টসে জিতে টিম লাইকান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গোল্ডেন বাংলা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে
খেলা যখন শেষ ওভারে ঠিক তখন ম্যাচের সব উত্তেজনা যেন অপেক্ষা করছিল। গোল্ডেন বাংলার অধিনায়ক রাজু বোলিংয়ে আসলেন, তখন টিম লাইকান্সকে জিততে প্রয়োজন ৬ বলে ১২ রান, হাতে আছে ৪ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংও করছিলেন রাজু। শেষ দুই বলে দরকার ৭ রান। ঠিক ১৯ ওভারের ৫ নম্বর বলে রাজুকে টিম লাইকান্সের ব্যাটসম্যান সাকীফ ছক্কা হাঁকিয়ে সব আশা গুঁড়েবালি করে দেন। টিম লাইকান্সের শেষ বলে যখন এক রান দরকার তখন ব্যাটসম্যান সাকীফ রানটিও প্রায় নিয়ে জয়ের উল্লাস করার দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে ইকবালের চোখ ধাঁধানো এক রান আউটের শিকার হন সাকীফ। আর এই রান আউটের কারণেই ম্যাচটি টাই হয়। স্পিনার জনি ৪ ওভারে মাত্র ১৪ রানে নেন ২ উইকেট এবং লিসান ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট।
পরবর্তীতে সুপার ওভারে টিম লাইকান্স ব্যাট করতে নেমে দলীয় ১১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইকবালের দুর্দান্ত এক ছক্কা এবং শেষ বলে তাঁরই বিচক্ষণতায় দ্রুত দুই রান নিলে টিম লাইকান্সের বিপক্ষে সুপার ওভারে জয় পায় গোল্ডেন বাংলা। আর এ জয়ে এবারের আসরের ফাইনালে পৌঁছে যায় গোল্ডেন বাংলা। খেলায় ব্যাটিং ও ফিল্ডিংয়ে এমনকি সুপার ওভারে গোল্ডেন বাংলার জয়ে অবদান রাখার জন্য ইকবাল হোসাইনকে ‘হিরো দ্য সুপার স্টার’ উপাধি দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জনি।
আগামী ৩ অক্টোবর শনিবার স্প্রিং ক্রিক পার্ক ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচে গোল্ডেন বাংলার মুখোমুখি হবে ঈগলস ক্রিকেট ক্লাব
এদিকে দিনের আরেক সেমিফাইনালে দ্য ওয়ারিয়র্সকে ৫ রানে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেছে ঈগলস ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ঈগলস ক্রিকেট ক্লাব ১৩৭ রানে অলআউট হয়। দ্য ওয়ারিয়র্সের ইশতিয়াক ৪ ওভারে ৬ উইকেট নেন ও শাওন নেন ২ উইকেট। ঈগলসের ওপেনার দিপু সর্বোচ্চ ২২ রান করেন।
১৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্য ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে থামে। দ্য ওয়ারিয়র্সের ব্যাটসম্যান জাকির ও সৃজন করেন ৩১ রান। ঈগলসের মাসুদ ৪ ওভার বল করে নেন ২ উইকেট।
আগামী ৩ অক্টোবর শনিবার স্প্রিং ক্রিক পার্ক ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচে গোল্ডেন বাংলার মুখোমুখি হবে ঈগলস ক্রিকেট ক্লাব।