টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফল করার আহ্বান

সংবাদ সম্মেলনে বাপা ও সিব্লিউএর সদস্য এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) ও কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকার (সিব্লিউএ-১১৮২) আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফল করার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

গত ৩১ মে নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। আয়োজক সংস্থা বাপা ও সিডব্লিউএর নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী সবাইকে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উপলক্ষে দেশটির জন্য আত্মাহুতি দেওয়া সৈনিকদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করেন। তিনি বলেন, বেশ কিছুদিন বিরতির পর আবার আমরা মিলিত হতে পেরেছি। গত এক বছরের বেশি সময় এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের অগ্রসর পেশাজীবীরা এ কঠিন সময় মোকাবিলা করেছেন এক ঐতিহাসিক সাহসিকতায়।

লিখিত বক্তব্যে বাপার মিডিয়া লিয়াজোঁ কর্মকর্তা জামিল সারওয়ার বলেন, বিশ্বের সবচেয়ে বড় কোলাহলের নগরের এই বিপন্ন সময়ে আপনারা সংবাদমাধ্যম কর্মীরাও কাজ করেছেন এক যুদ্ধের বাস্তবতা নিয়ে। করোনাকালীন মানবতার এ চরম বিপর্যয়ের মুহূর্তগুলো আপনাদের এবং সামনের সারির সব পেশাজীবীদের সব প্রয়াস ইতিহাস হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সদা চঞ্চল থাকা নিউইয়র্ক নগরে স্বাভাবিক কোলাহল ফিরিয়ে আনার অনন্য এক প্রয়াস নেওয়া হয়েছে। কোভিড-১৯ সংক্রমণে নাজুক হয়ে ওঠা এ নগরীতে হাজারো স্বজনের মৃত্যুর বেদনা আর বদলে যাওয়া জনজীবনে প্রাণ ফিরে আসছে। ঘুরে দাঁড়ানোর এ ক্রান্তিকালে আমাদের বসে থাকার আর কোনো অবকাশ নেই। নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসার ও নগরের ট্রাফিক এজেন্টদের সমন্বয়ে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

জ্যামাইকার ১৬-১০ বেসলি পন্ড পার্কে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হতে যাচ্ছে ৭ জুন। ওই দিন দুপুর সাড়ে ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বিভাগ এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডারমট শিয়া ও ট্রাফিক অফিসারদের সংগঠন সিডব্লিউএর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেইনর।

মহামারি চলাকালীন নগরের বিপর্যস্ত অবস্থায় পুলিশ ও ট্রাফিক এজেন্টরা দিন-রাত কাজ করেছেন। অবরুদ্ধ হয়ে পড়া নিউইয়র্ক নগরে ইতিহাসের অন্ধকারতম সময়ে এ নগরীর অগ্রসর সারির এ পেশাজীবীরা নিজেদের জীবনকে বিপন্ন করে জনসমাজের পাশে দাঁড়িয়েছেন। বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আমরা আমাদের বহু সদস্যকে হারিয়েছি মহামারির তাণ্ডবে। নিজের ও পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করেছি। সংগঠন হিসেবে বাপা ও সিডব্লিউএ-১১৮২ মহামারির তাণ্ডবের সময় জরুরি সাহায্য নিয়ে জনসমাজের পাশে থেকেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নগরের কোলাহল ফিরিয়ে জনমনে স্বাভাবিকত্ব নিয়ে আসার প্রয়াস হিসেবে টি-২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে তাঁরা জানান। গ্রীষ্মের আগামী দুই মাস শুধু বাংলাদেশি নয়, অন্য জাতিগোষ্ঠীর লোকজনও ক্রিকেট খেলা নিয়ে, নানা আনুষ্ঠানিকতা নিয়ে মেতে থাকবেন বলে বলে আমরা আশাবাদ প্রকাশ করছি। এ নিয়ে আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করার জন্যই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

সিডব্লিউএ-১১৮২ ও বাপা মিলে টুর্নামেন্টে থাকছে ১১টি ক্রিকেট টিম। বহু জাতিগোষ্ঠীর এ নগরের অন্যান্য কমিউনিটি থেকেও লোকজন এই টুর্নামেন্টের সঙ্গে এর মধ্যেই সম্পৃক্ত হয়েছেন।

৭ জুন উদ্বোধনের পর ১৩ জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সপ্তাহান্ত ও সোমবার মিলে জ্যামাইকার বেসলি পন্ড পার্ক ও বিচ ৫৮ এ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুন পর্যন্ত। বৃষ্টির বিপত্তি থাকলে ২৮ জুন সোমবারে বাতিল হওয়া খেলা অনুষ্ঠিত হবে বলে সময়সূচি সাজানো হয়েছে।

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার ও সংবাদ সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন টিবিএন-২৪ এবং প্রথম আলো উত্তর আমেরিকা।

সিডব্লিউ-১১৮২ এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন সংবাদ সম্মেলনে যোগ দিতে না পারায় তাঁর পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের চিফ ডেলিগেট সাঈদ ইসলাম। সংবাদ সম্মেলনে টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও দলনেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সর্দার মামুন, এরশাদ সিদ্দিক, মাকিস আহমেদ, সৈয়দ উৎবা, মোহাম্মদ আলমগীর, হারুন রশীদ, শামীম হোসেইন, মোহাম্মদ সোলাইমান ও মনজুর হোসেইন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লাভলু আনসার, শহীদুল ইসলাম, মনিজা রহমান, শেলী জামান খান, রাশেদুল ইসলাম, মনজুরুল হক, ইশতিয়াক আহমেদ, মাহফুজ রহমান, ওয়াজেদ খান, হায়দার আকবর কিরণ, মঈন উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, মিসবাহ উজ্জামান, শাহাবুদ্দীন সাগর, হাকিকুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ, শামীম আহমেদ প্রমুখ।