টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের মাঠে ডারমট শিয়া ও ডেনিস ট্রেনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের বর্তমান পুলিশ প্রধান ডারমট শিয়া

বিশ্বের সবচেয়ে কোলাহলের নগর নিউইয়র্ক। প্রায় এক কোটি মানুষের এ নগরে বাস করেন বিশ্বের নানা দেশ থেকে আসা লোকজন। অভিবাসীদের এক বিস্ময়কর অভয়ারণ্য এ নগর। ক্রীড়া সংস্কৃতিসহ সামাজিক আচার-অনুষ্ঠানেও এ নগর বিশ্বের মধ্য অনন্য।

নগরের পুলিশ বাহিনীকে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় ও দক্ষ পুলিশ বাহিনী। এ পুলিশের প্রধান নিয়োগ পেয়ে থাকেন রাজনৈতিক বিবেচনায়। মহামারি করোনা এবং ২০২০ সালের নাগরিক আন্দোলনের সময় পরিস্থিতি মোকাবিলা করে প্রশংসিত হয়েছেন নগরের বর্তমান পুলিশ প্রধান ডারমট শিয়া। আইরিশ অভিবাসীর সন্তান ডারমট শিয়া নিউইয়র্ক পুলিশে বর্ণাঢ্য পেশাজীবন কাটিয়েছেন। নগরের পুলিশ প্রধান হিসেবে এখনো প্রতিদিন মোকাবিলা করছেন নানা চ্যালেঞ্জ। নগরের জনসমাজের সঙ্গে পুলিশের সম্পর্ক বৃদ্ধির নানা কর্মকাণ্ডে তিনি আলোচিত ও প্রশংসিত হয়ে আসছেন।

৭ জুন নিউইয়র্কের অভিবাসীবহুল জ্যামাইকার বেসলি পন্ড পার্কে উপস্থিত হয়েছিলেন ডারমট শিয়া। টি-২০ ক্রিকেটের উদ্বোধন করতে এসে জানালেন, নিজের অনেক যোগ্যতা থাকলেও ক্রিকেট খেলায় তাঁর নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান আছেন। কয়েকবার হাত ঘুরিয়ে খেলার মাঠে ঠিকই ক্রিকেট খেলোয়াড়দের মতো পোজ দিলেন। কথা বলেছেন অনুষ্ঠানে উপস্থিত লোকজনের সঙ্গেও।

তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক সদস্যরা পেশার বাইরে জনসমাজের সঙ্গে সংযুক্ত থাকার এমন আয়োজন খুবই গুরুত্বের। চৌকস এসব পেশাজীবীরা প্রতিদিন মহৎ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। শুধু নিউইয়র্ক নগরেই নয়, সারা বিশ্বের এসব পেশাজীবীদের প্রতি ডারমট শিয়া নিজের ভালোবাসার কথাই জানান দিলেন বাংলাদেশি পুলিশ ও ট্রাফিক এজেন্টদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে উপস্থিত হয়ে।

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও সংবাদমাধ্যমের পেশাজীবীদের অধিকার নিয়ে সদা সোচ্চার কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) নামের সংগঠন। মার্কিন সমাজ ও রাজনীতিতে পেশাজীবী ইউনিয়নগুলোর প্রভাব অকল্পনীয়। নিউইয়র্কের পেশাজীবীদের নিয়ে সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেনর।

সিডব্লিউএর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেনর

ক্রিকেটের কোনো টুর্নামেন্টে ডেনিস ট্রেনর প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন, টের পাওয়া গেল। তাঁকে নিয়ে ট্রাফিক এজেন্ট এবং অন্যান্যদের ব্যস্ততা। প্রভাবশালী এ ইউনিয়ন নেতার সঙ্গে কথা বলার সুযোগ করে দিলেন সিডব্লিউএ-১১৮১ এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন।

খেলার মাঠের একপাশে বসেই সাক্ষাৎকার দিলেন প্রথম আলো উত্তর আমেরিকাকে। যুক্তরাষ্ট্রের পেশাজীবী ইউনিয়নের এ প্রভাবশালী নেতা শুরুতেই জানালেন, ট্রাফিক এজেন্টরা তাঁদের কাজের সমান মূল্যায়ন পান না। তাঁদের নানাভাবে বঞ্চিত করা হয়। এসব পেশাজীবীদের জীবনমানের উন্নতি ঘটানোর জন্য তাঁদের ন্যায্য পাওনা এবং সুবিধা থেকে বঞ্চিত করা হয়।

একজন ইউনিয়ন নেতা হিসেবে নিজেদের পেশাজীবীদের অধিকার আদায়ে ন্যায্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ডেনিস ট্রেনর বলেন, ট্রাফিক এজেন্টদের জীবনমানের উন্নতির মাধ্যমে জনসমাজের উন্নতি ঘটে। বাংলাদেশি ট্রাফিক এজেন্টদের প্রশংসা করে ডেনিস ট্রেনর বলেন, মহামারির সময় তাঁর ইউনিয়নের সদস্যরা ধর্ম বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজেদের পেশার বাইরের এমন কাজের মধ্য দিয়ে এ পেশাজীবীরা জনগণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, তাঁর ইউনিয়নের সদস্যদের প্রাপ্ত সব সুবিধা নিশ্চিত করার জন্য তাঁদের সংগ্রাম চলবে। ইউনিয়নের প্রতিটি সদস্য তাঁদের প্রাপ্ত সুবিধা যেন পায়, এ জন্য কর্তৃপক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বলে প্রত্যয় ঘোষণা করেন ইউনিয়ন নেতা ডেনিস ট্রেনর।