টিকা না নিলে চাকরি হারাতে পারেন হাজারো স্কুলশিক্ষক
নিউইয়র্ক নগরের স্কুলের শিক্ষক-কর্মীদের জন্য করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে শারীরিক সমস্যা ও ধর্মীয় বিশ্বাসে কারণে অনেকেই এই টিকা গ্রহণ করতে রাজি নন। এমন হাজারো শিক্ষক-কর্মীর গত ২৮ সেপ্টেম্বর থেকে শ্রেণি কক্ষ ও স্কুলে যাওয়ার সুযোগ নেই। এ নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষকসহ নগরের স্কুল পরিচালনায় জড়িত লোকজন।
শিক্ষক ও এ সংক্রান্ত পেশাজীবীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বলছে, টিকার বাধ্যবাধকতা এতটাই খারাপভাবে পরিচালিত হয়েছে যে, অনেক স্কুল কর্মচারীকে সাসপেন্ড করা হবে। এতে স্কুলগুলো আরও অনিরাপদ হয়ে উঠবে।
সাধারণভাবে নিউইয়র্ক নগরের শিক্ষকেরাই অধিক হারে টিকা গ্রহণ করেছেন। শিক্ষা অধিদপ্তরের (ডিওই) মতে, শিক্ষা বিভাগের প্রায় ৮১ শতাংশ কর্মচারী এবং ৮৭ শতাংশ শিক্ষক গত ২৩ সেপ্টেম্বর রাত পর্যন্ত কমপক্ষে একটি করে টিকার ডোজ নিয়েছেন। তবে এখনো নগরের প্রায় ১০ হাজার স্কুলশিক্ষক টিকা নিতে পারেননি। তাঁরা এখন চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
নগরের মেয়র বিল ডি ব্লাজিওর সিদ্ধান্ত অনুযায়ী, টিকা না নিলে শিক্ষক-কর্মীদের এক বছরের জন্য অবৈতনিক ছুটিতে বা স্বেচ্ছা অবসরে যাওয়ার বিকল্প রয়েছে।
ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স (ইউএফটি), স্কুল সুপারভাইজারস এবং অ্যাডমিনিস্ট্রেটর কাউন্সিল (সিএসএ) মেয়র ডি ব্লাজিওকে টিকা গ্রহণ বা ছুটি নেওয়ার আদেশের সময়সীমা বিলম্বিত করার আহ্বান জানিয়েছে।
সিএসএর সভাপতি মার্ক ক্যানিজারো বলেন, ‘সিটির পক্ষ থেকে এত অল্প সময়ে স্কুল ও কেন্দ্রগুলোকে নতুন নীতিতে পরিচালিত করা বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীনতা।
ক্যানিজারো ও ইউএফটির প্রেসিডেন্ট মাইকেল মালগ্রু বলেন, এই মুহূর্তে তাঁদের কোনো ধারণা নেই স্কুলগুলোর পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। কারণ টিকা দেওয়ার হার সম্পর্কিত সাইট নিয়ে এখনো শিক্ষা বিভাগ নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।
গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাত থেকে সিটির স্কুলগুলোতে টিকা না নেওয়া বিদায়ী শিক্ষকদের তালিকা করা হয়েছে। তবে ওই সব শিক্ষকের ঘাটতি পূরণে শিক্ষার্থীদের সহায়তায় কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই মালগ্রু জানিয়েছেন, তাঁর নিজ এলাকায় এমন কিছু স্কুল রয়েছে যেখানে কোনোটাতে চারজন, কোনোটাতে ২৫ জন শিক্ষকের ঘাটতি ইতিমধ্যেই রয়েছে।
নগরের শিক্ষা বিভাগ ও মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, তাঁরা সময়সীমা বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং ১১ হাজার বিকল্প শিক্ষকের পাশাপাশি রিজার্ভ পুল থেকে অন্য এলাকার সাবেক শিক্ষকদের নিয়োগ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
নগরের এই সিদ্ধান্ত ও পরিকল্পনাকে মালগ্রু সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘স্কুলগুলো পর্যাপ্ত বিকল্প পেতে অক্ষম এবং শ্রেণি কক্ষগুলো একত্রিত করতে বাধ্য হচ্ছি আমরা। ১৫০ থেকে ২০০ শিশুকে একটি ঘরে রাখতে যাচ্ছি, কারণ তাদের নিরাপদ রাখার জন্য তাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষক রাখতে হবে। শিক্ষক এবং অধ্যক্ষরা এখনই এ নিয়ে বিরক্ত, কারণ তাঁরা এমন অবস্থায় থাকতে চাচ্ছেন না। শিক্ষক এবং অধ্যক্ষরা এটিকে একটি খারাপ সিদ্ধান্ত বলে মনে করছেন।’
ক্যানিজারো উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পর্যাপ্ত বিকল্প শিক্ষক পাওয়া গেলেও প্রশাসক এখনো নিশ্চিত হতে পারেননি, তাঁরা শিক্ষা প্রদানে সঠিক বিষয়গুলোর জন্য যোগ্য হবেন কিনা।