টিকা নিতে যাওয়ার পথে প্রবাসীর মৃত্যু
নিউইয়র্কে করোনার টিকা নিতে যাওয়ার পথে আলাল আহমদ (৭৫) নামের একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ম্যানহাটনের বাসিন্দা আলাল আহমদের মৃত্যু হয়। তাঁর দেশের বাড়ি সিলেটের ছাতকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আলাল আহমদ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই।
ইকবাল আহমেদ মাহবুব জানান, আলাল আহমদ ১৪ ফেব্রুয়ারি ব্রুকলিন হসপিটাল সেন্টারে করোনার টিকা নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে তাঁর ছেলের গাড়িতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলাল আহমদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে আলাল আহমদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন সভাপতি মইনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।