টিকা নিয়ে যা বললেন মিশিগানের ডা. হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. মোহাম্মদ হোসেন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের ন্যায় মিশিগানেও করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এ দেশে ইতিমধ্যে ১ মিলিয়ন ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হয়ে গেছে। ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হবে।

করোনাভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, টিকাটি নিরাপদ কিনা, টিকা কীভাবে পাওয়া যাবে—এসব বিষয় নিয়ে কথা বলেন মিশিগানের বাংলাদেশি মার্কিন চিকিৎসক মোহাম্মদ হোসেন। চিলড্রেন ক্লিনিকের এই চিকিৎসক বলেন, প্রথমে অগ্রাধিকার হিসেবে ক্যাটাগরি ১এ মানে অনলাইন হেলথ ওয়ার্কার, ৭০ বছরের ওপরের বয়সী মানুষ, নার্সিংহোমের বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে। অচিরেই জনসাধারণের জন্য টিকার প্রয়োগ উন্মুক্ত হবে।

করোনাভাইরাসের টিকা কতটুকু নিরাপদ সে প্রসঙ্গে ডা. হোসেন বলেন, ‘করোনার টিকা নিলে বিভিন্ন শারীরিক পরিবর্তন হবে বলে নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে। এ ধরনের কোনো তথ্যউপাত্ত আমাদের কাছে নেই। এক কথায় আমি বলব, করোনাভাইরাসের টিকা নিরাপদ।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বাংলাদেশি মার্কিন এই চিকিৎসক বলেন, ‘আমি নিজে ফ্রন্টলাইন কর্মী হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছি। আমি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো ধরনের টিকা নিলে অ্যালার্জি, টিকার স্থানে একটু ব্যথা বা একটু জ্বর অনুভব হতে পারে।

অনেকেই জানতে চাচ্ছেন করোনাভাইরাসের টিকা হালাল কি না? এ প্রসঙ্গে ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রাণ বাঁচানো সবচেয়ে জরুরি। তবে এই মুহূর্তে আমি যতটুকু জানি, এই টিকায় হারাম কোনো জিনিস ব্যবহার করা হয়নি। সবাইকে বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে। এখানে লিগ্যাল স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন আসবে না। সবাই করোনাভাইরাসের টিকা পাবেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। আর প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

ডা. হোসেন বলেন, করোনাভাইরাসের টিকা না নেওয়া পর্যন্ত সবাইকে মৌলিক রুটিন যেমন মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নিয়মিত হাত ধুতে হবে। কোনো ধরনের সমাবেশে যাওয়া যাবে না।

এই চিকিৎসক বলেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমাদের ক্লিনিকে করোনারভাইরাসের টিকা দেওয়া শুরু হয়ে গেছে কিনা। তাদের জন্য বলব, এখনো শুরু হয়নি। তবে শিগগিরই আমরা টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দুই মাস ধরে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করে যাচ্ছি।’