টিকা নিয়ে সরগরম মার্কিন রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী কি গোল না চ্যাপ্টা? বিজ্ঞানীদের কাছে এই প্রশ্ন দীর্ঘদিন মীমাংসিত, কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো কোনো রক্ষণশীল রিপাবলিকান রাজনীতিক সে ব্যাপারে এখনো পুরোপুরি নিশ্চিত নন। সে দিকেই ইঙ্গিত করে সাবেক ফার্স্ট লেডি ও ২০১৬ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এক টুইটার বার্তায় লিখেছেন, বিতর্কের কোনো অবকাশ নেই। পৃথিবী গোল ও আকাশের রং নীল।
হিলারির এই শ্লেষাত্মক মন্তব্য যে ২০১৬ সালে তাঁর সম্ভাব্য দু-একজন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দিকে তাক করা, তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি এঁদের কেউ কেউ হামের প্রতিষেধক হিসেবে টিকার উপযোগিতা বিষয়ে সন্দেহ ব্যক্ত করেছেন। কেউ কেউ এমন কথাও বলেছেন, টিকার ফলে শিশুদের মস্তিষ্ক বিকৃতির আশঙ্কা রয়েছে।
মার্কিন রাজনীতিকদের এই সন্দেহের সূত্র ড. ওয়েকফিল্ড নামে একজন ব্রিটিশ চিকিৎসকের ১৯৯৮ সালে ল্যানসেট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ। তাতে দাবি করা হয়, হামের টিকার সঙ্গে অটিজমের নিকট সম্পর্ক রয়েছে। এ কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এই যুক্তিতে ব্রিটিশ চিকিৎসা কর্তৃপক্ষ ড. ওয়েকফিল্ডের লাইসেন্স বাতিল করে। কিন্তু দৃশ্যত কিছু অভিভাবক ও মার্কিন রাজনীতিকদের মধ্যে এখনো সেই তথাকথিত গবেষণাপত্র গুরুত্ব পেয়ে আসছে।
বিশ্বের অধিকাংশ দেশ থেকে হাম দীর্ঘদিন ধরে নির্মূল হয়েছে এমন দাবি বারবার ব্যক্ত করার পর এখন দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও হাম পুরোপুরি নির্মূল হয়নি। ক্যালিফোর্নিয়াসহ অন্তত ১৪টি অঙ্গরাজ্যে হাম আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গেছে।
এই সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এক বিশেষ শুনানির ব্যবস্থা করা হয়। চারজন বাঘা বাঘা চিকিৎসককে কংগ্রেস সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেন। ওই চিকিৎসকেরা প্রত্যেকেই স্পষ্টভাবে জানিয়ে দেন, টিকা হাম ঠেকাতে অত্যন্ত কার্যকর।
যুক্তরাষ্ট্রে শিশুদের হামের প্রতিষেধক হিসেবে টিকা দেওয়া বাধ্যতামূলক। প্রতিনিধি পরিষদের শুনানিতে স্পিকার জন বেহনার টিকার প্রতি সমর্থন জ্ঞাপন করলেও বলেন, এ ব্যাপারে নতুন কোনো আইনের প্রয়োজন আছে কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
এর ঠিক এক দিন আগে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সিনেটর র্যান্ড পল (যিনি নিজে একজন ডাক্তার) দাবি করেন, শিশুকে টিকা দেওয়া না দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাবা-মায়ের থাকা উচিত। বিতর্ক থাকার কথা উল্লেখ করে সিনেটর পল দাবি করেন, হামের টিকার ফলে শুধু অটিজম নয়, কোনো কোনো শিশুর মধ্যে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। তিনি অবশ্য কোনো তথ্যপ্রমাণ দাখিল করতে পারেননি।
২০১৬ সালের আরেক সম্ভাব্য প্রার্থী নিউজার্সির রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টিও এ ব্যাপারে সন্দেহ ব্যক্ত করেছেন।
টিকার ব্যাপারে রিপাবলিকান রাজনীতিকদের মধ্যে এই দোমনা ভাবের কারণ, এ দেশে রক্ষণশীল মহলে টিকার ব্যাপারে এখনো বিস্তর আপত্তি রয়েছে। পিউ রিসার্চের এক জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে প্রায় ৩০ শতাংশই হামের প্রতিষেধক হিসেবে টিকার বিরোধী। ফলে বিজ্ঞান যাই বলুক, তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদার করতে সম্পূর্ণ বিজ্ঞানবিরোধী অবস্থান গ্রহণেও সম্ভাব্য প্রার্থীরা আপত্তি করছেন না।
এমনকি ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট বারাক ওবামাও একসময় টিকার ব্যাপারে সন্দেহ ব্যক্ত করেছিলেন। ২০০৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় ওবামা বলেছিলেন, অনেক বাবা-মা, যাঁদের মধ্যে তিনিও আছেন, টিকার কারণে অটিজম হতে পারে, সে কথা ভেবে উদ্বিগ্ন। ওবামা অবশ্য পরে জানান, বিতর্ক থাক বা না থাক, নিজের ছেলেমেয়েদের তিনি ঠিকই টিকা দিয়েছেন।
তবে হিলারি ক্লিনটনের টুইটার বার্তার পর একটা বিষয় স্পষ্ট। টিকায় ক্ষতি হয়, এ কথা আর যেই বিশ্বাস করুক, তিনি করেন না।