টিকা নেওয়া লোকজনের মধ্যে করোনার সংক্রমণের হার নগণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে আবারও নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। নতুন করে সংক্রমিত হওয়া লোকজন ডেলটা ভাইরাসের সংক্রমণে পড়ছেন। নগরের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লোকজনের ৯৭ শতাংশই টিকা গ্রহণ না করার দলে। কোভিড-১৯ সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যু এড়াতে টিকা প্রদানের জন্য আবারও জোর তাগিদ দিয়েছেন নিউইয়র্ক নগরের স্বাস্থ্য কমিশনার।

২৩ আগস্ট নগরের স্বাস্থ্য কমিশনার ডেভ চোকসি সংবাদ সম্মেলনে বলেছেন, নিউইয়র্কে পরিচালিত জরিপে দেখা গেছে, নগরের মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ টিকা দেওয়া লোকজন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে মাত্র দশমিক শূন্য শূন্য তিন শতাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই টিকা নেওয়ার কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য কমিশনার বলেন, টিকা গ্রহণ না করা লোকজনের মধ্যে নতুন সংক্রমণের আশঙ্কা তিন গুণের বেশি। সংক্রমিত হলেও টিকা গ্রহণ করা লোকজনের চেয়ে গ্রহণ না করা লোকজনের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ১৩ শতাংশ বেশি।

২০২০ সালের মার্চে কোভিড-১৯ সংক্রমণের প্রথম ধাক্কায় নিউইয়র্ক নগর নাজুক হয়ে উঠেছিল। গত বছরের মার্চ-এপ্রিলে মৃত্যুপুরী হয়ে ওঠা নিউইয়র্ক আবার ঘুরে দাঁড়াচ্ছে। এই গ্রীষ্মের শুরুতে সংক্রমণ নিয়ন্ত্রিত হয়ে আসলেও এখন নতুন করে আবার ডেলটা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। সংক্রমণের ব্যাপকতা থেকে সুরক্ষা পাওয়ার জন্য টিকা প্রদানে আগ্রাসী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণকে আবারও নতুন করে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।