টিকার কার্যকারিতা নিয়ে নিশ্চিত না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস ভ্যাকসিন প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে বছর শেষ হওয়ার আগেই কোভিড-১৯–এর টিকা চলে আসার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টিকা কতটা কার্যকর হবে, তা নিয়ে নিশ্চিত কিছু বলার সময় এখনো আসেনি। জানানো হয়েছে, আলাদা তিনটি টিকার পরীক্ষা শেষ পর্যায়ে আছে।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণে গত ছয় মাসে ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন গড়ে ৪০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। প্রান্তিক অঙ্গরাজ্যগুলোয় সংক্রমণ এখনো হচ্ছে। বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে।
মার্চ-এপ্রিলের দিকে মৃত্যুপুরী হয়ে ওঠা নিউইয়র্ক করোনা নিয়ন্ত্রণের দিক থেকে প্রায় শীর্ষে রয়েছে। এখন সবচেয়ে বেশি সংক্রমণ আইওয়া অঙ্গরাজ্যে। আশঙ্কা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ মারা যাবে। ১৯ সেপ্টেম্বরের মধ্যেই এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে।

৯৫ ভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলে ডিসেম্বরের মধ্যে মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার কমানো সম্ভব হতে পারে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভেলিউশনের মডেল অনুযায়ী বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা দুই হাজারে পৌঁছাতে পারে। ৯৫ ভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলে ডিসেম্বরের মধ্যে মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার কমানো সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের ডেপুটি চিফ অব স্টাফ পল ম্যাঙ্গো স্থানীয় সময় গতকাল শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, বছর শেষ হওয়ার আগেই জানা যাবে, টিকা ব্যবহার করে ভাইরাসের হাত থেকে জনগণকে রক্ষা করা যাবে কি না।

বছর শেষ হওয়ার আগেই জানা যাবে, টিকা ব্যবহার করে ভাইরাসের হাত থেকে জনগণকে রক্ষা করা যাবে কি না।
পল ম্যাঙ্গো, ডেপুটি চিফ অব স্টাফ,যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস

অপারেশন র‍্যাপ স্পিড নামক কর্মসূচির মাধ্যমে কোভিড–১৯–এর টিকা দ্রুত বাজারে আনার জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। পল ম্যাঙ্গো জানিয়েছেন, বিজ্ঞান ভাইরাস নিয়ন্ত্রণে সম্ভাব্য টিকা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারে না। ছয়টি সম্ভাব্য টিকার মধ্যে দুটি পরীক্ষা-নিরীক্ষার তৃতীয় ধাপে আছে বলে তিনি জানান। সেপ্টেম্বরের মাঝামাঝি আরও চারটি টিকা শেষ ধাপের ট্রায়ালে যাবে বলে তিনি জানিয়েছেন।


পল ম্যাঙ্গো জানিয়েছেন, ডেটা সেফটি মনিটরিং বোর্ড নামের একটি স্বতন্ত্র বোর্ড স্বাধীনভাবে এসব টিকা পরীক্ষা করছে। এমনও হতে পারে, ট্রায়ালের মধ্য দিয়ে আসা যেকোনো বা সব কটি টিকা অনিরাপদ ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, প্রতিটি টিকার ট্রায়ালে ৩০ হাজার জরিপ বিশ্লেষণের ফলাফলে কোনো টিকা সময়ের আগেও চলে আসতে পারে।

করোনাভাইরাস প্রতীকী ছবি।

খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া যেকোনো রোগীকে রেমডেসিভির ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে। রোগীর অবস্থা নাজুক না হলেও চিকিৎসকেরা এখন ওষুধটি ব্যবহার করতে পারবেন। আগে রোগীর তীব্র শ্বাসকষ্ট হলে এবং শ্বাস নিতে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হলেই রেমডেসিভির প্রয়োগের অনুমতি ছিল। এফডিএ ক্লিনিক্যাল ট্রায়ালের পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছে।


যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে প্রথম একজন ব্যক্তি দ্বিতীয়বারের মতো কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। নেভাদা স্টেট পাবলিক হেলথ অফিস থেকে জানানো হয়েছে, ২৫ বছরের ওই ব্যক্তি এপ্রিল মাসে প্রথম দফা আক্রান্ত হয়ে সেরে ওঠেন। এক মাস পর মে মাসে আবার কোভিডে আক্রান্ত হন। বিশ্লেষণে দেখা গেছে, দুই দফা কোভিড–১৯–এর আলাদা আলাদা ভাইরাসে তিনি সংক্রমিত হয়েছিলেন।