টিকিট প্রতারণারোধে সভা ডেকেছেন ট্রাভেল ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ট্রাভেল ব্যবসায়ীদের জরুরি সভা জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। এ সভায় যাত্রীরা যাতে টিকিট প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করতে জরুরি কিছু বিষয় এবং ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। 

ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের পক্ষে কর্ণফুলী ট্রাভেলসের মোহাম্মদ সেলিম (হারুন) স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনকে আরও গতিশীল এবং উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবমুখী কিছু জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিগত দিনে সংগঠনের কার্যকারিতা না থাকার কারণে সংগঠনের নিয়ম নীতিমালার তোয়াক্কা না করে আমাদের কমিউনিটির সাধারণ নিরীহ সহজ–সরল মানুষের সঙ্গে বিরাট ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল, যা বাংলাদেশি সব ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এতে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। যাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সংগঠনের নীতিমালা আরও কঠিন এবং কঠোর করা হবে।’ চমক লাগানো টিভি এবং পেপার বিজ্ঞাপনে বিশ্বাস না করে এবং টিকিট মূল্যের বিরাট ব্যবধানে প্রলোভিত না হয়ে যাচাই–বাছাই করে টিকিট ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে ট্রাভেল ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত কি না, যাচাই করে নেওয়ার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস নামের নিউইয়র্কে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের টিকিট কেলেঙ্কারির খেসারত দিচ্ছেন শত শত প্রবাসী। ভুয়া টিকিট ইস্যু করে প্রতিষ্ঠানটি কোনো পূর্বঘোষণা ছাড়াই বন্ধ রয়েছে। মালিক নাজমুল হুদা নিজেকে অসুস্থ দাবি করে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেবেন বলেছেন। এ নিয়ে নিউইয়র্কে বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা আস্থার সংকটে পড়েছেন।