টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে
অনেক আশা নিয়ে আমেরিকায় এলেও বর্তমানে এখানে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কয়েক মাস ধরে নিউইয়র্কের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম ব্যাপকভাবে বেড়ে চলেছে। একসময় ছিল যখন ১ ডলার দিয়ে ভালো মানের দুই পাউন্ড টমেটো পাওয়া যেতে। ৭৯ সেন্ট দিয়ে এক পাউন্ড আদা পাওয়া যেত। ইলিশ মাছের দাম ছিল প্রতি পাউন্ড সর্বোচ্চ ৮ ডলার। বর্তমানে এই দামে এসব পণ্য পাওয়ার কথা চিন্তাও করা যায় না। প্রতিটি জিনিসের দামই বাড়ছে। আমেরিকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কি না, তা আমার জানা নেই।
এ ব্যাপারে জিজ্ঞাসা করলেই দোকানিদের কেউ কেউ বলেন, অনেক স্টেটে, এমনকি বিদেশেও শাকসবজিসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদন শীতকালে বন্ধ থাকে বলে এগুলোর দাম বেড়েছে। দুই-তিন সপ্তাহের মধ্যে দাম বাড়ছে। কিন্তু আমাদের মতো নিম্ন আয়ের মানুষের আয় বাড়ে না; বরং আয়ের পথ ছোট হয়ে যায়। শীত মৌসুমে অনেকের চাকরি চলে যায়। অনেক রেস্টুরেন্টে কর্মী ছাঁটাই করা হয়। চাকরি না গেলেও চাকরির আওয়ার কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে আয়ের পরিমাণও কমে যায়।
এ অবস্থায় নিম্ন আয়ের, বিশেষ করে চাকরি হারানো প্রবাসীরা চরম দুর্দিনে রয়েছেন। খাদ্য, বাড়ি ভাড়া, ছেলেমেয়েদের লেখাপড়া, যাতায়াত খরচসহ নানা ধরনের খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছে। তাঁরা কোনো আশার আলো দেখছেন না। অভিবাসন কঠিন হলেও প্রতিদিন বৈধ উপায়ে বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা আসছেন। এ কারণে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব পরিবারও এখানে এসে কেবল হতাশই নন; বরং নানা সমস্যায় জর্জরিত। অনেকের পক্ষে চাকরি পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে।
অনেক প্রবাসী মান-ইজ্জতের তোয়াক্কা না করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের দেওয়া বিনা মূল্যের খাবার সংগ্রহের জন্য স্প্যানিশসহ অন্যান্য কমিউনিটির সঙ্গে লাইনে দাঁড়ান। তাঁদের অনেকেই লোকলজ্জায় মুখ ঢেকে রাখেন।
এই দুর্বিষহ অবস্থার ইতি হওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হয় না। কেউ জানে না ভবিষ্যৎ আরও কেমন ভয়াবহ হবে। আমার মতো নিম্ন আয়ের হিমশিম খাওয়া অভিবাসীরা ভাবছেন আমেরিকার অন্য কোনো রাজ্যে গেলে একটু ভালোভাবে থাকা যাবে। কিন্তু ঝুঁকি নিচ্ছেন এমন অভিবাসীর সংখ্যা খুবই কম। কারণ সেখানে গেলে যদি একই পরিস্থিতি হয়, তবে তো কোথাও যাওয়ার সুযোগ থাকবে না।
সব মিলিয়ে বহু অভিবাসী পরিবার চরম অভাব-অনটন ও দুশ্চিন্তায় এবং অনিশ্চয়তায় ভুগছে। নিকট ভবিষ্যতে এমন দুঃসহ পরিস্থিতির অবসান হবে তার কোনো সম্ভাবনা নেই।
সোলাইমান মিয়া, অ্যাস্টোরিয়া