টিনএজাররা দ্রুত করোনা ছড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় স্কুল খোলা নিয়ে নানা বিতর্ক চলছে। অনেক অভিভাবক চান স্কুল দ্রুত খুলে দেওয়া হোক। আবার অনেকে স্কুল খোলার বিপক্ষে। কারণ, এতে তাঁদের সন্তানেরা করোনায় সংক্রমিত হতে পারে।
এদিকে অধিকাংশ রিপাবলিকানরা চাচ্ছে স্কুল যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক। আবার অধিকাংশ ডেমোক্র্যাট নেতারা চান স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকুক। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় প্রায় ৬৫ হাজার জনের ওপর করা সমীক্ষা থেকে জানা গেছে, স্কুল আবার চালু হলে করোনার সংক্রমণ আরও বাড়বে। ১০ বছরের কম বয়সী বাচ্চারা অন্যদের কাছে প্রাপ্তবয়স্কদের তুলনায় খুব কম করোনার সংক্রমণ ছড়ায়, তবে ঝুঁকির মাত্রা শূন্য নয়। এদিকে ১০ থেকে ১৯ বছর বয়সের টিনএজাররা প্রাপ্তবয়স্কদের মতো ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক আশীষ ঝা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ইউরোপ এবং এশিয়া থেকে একাধিক সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে, ছোট বাচ্চাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম এবং ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও কম। তবে সেই গবেষণার বেশির ভাগই ছোট এবং ত্রুটিযুক্ত।’
আশীষ ঝা আরও বলেন, ‘নতুন এই সমীক্ষাটি খুব যত্ন সহকারে করা হয়েছে, এটি নিয়মতান্ত্রিক এবং খুব বিশাল জনগোষ্ঠীর দিকে নজর রেখে করা হয়েছে। করোনা নিয়ে আমার দেখা সেরা গবেষণার মধ্যে এটি একটি।’
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইকেল অস্টেরহলম বলেন, ‘অনেকে মনে করেন, বাচ্চাদের করোনা সংক্রমণ হয় না বা বয়স্কদের মতো হয় না। কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত যে, স্কুল আবার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে সংক্রমণের হার আরও বৃদ্ধি পেতে পারে।’