টিবিএন২৪-এর জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বক্তৃতা করছেন স্থানীয় এক রাজনীতিক
অনুষ্ঠানে বক্তৃতা করছেন স্থানীয় এক রাজনীতিক

শেষ বিকেলের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সন্ধ্যায় বৃষ্টির ফোঁটা একটু বড় হতে লাগল। বড়দিন ও নতুন বছরের প্রাক্কালে যতটা শীত অন্য বছরগুলোতে দেখা গেছে, এবার তেমনটি নেই। অনেকেই মোটামুটি পাতলা জ্যাকেট পরে এলেন। বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঝলমলে আলোয় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার হল রুম কানায় কানায় পূর্ণ। নিউইয়র্ক নগরের গণ্যমান্য অনেকে এসেছেন বাংলা টিভি চ্যানেল TBN24 (টিবিএন২৪)–এর আমন্ত্রণে। এসেছেন কুইন্স বরো কাউন্সিলর, এনওয়াইপিডির বাংলাদেশি আমেরিকান কর্মকর্তারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিকসহ নিউইয়র্কে বসবাসরত গণ্যমান্য বাংলাদেশি আমেরিকান সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন টিবিএন২৪ পরিবারের সদস্যরা।
টিবিএন২৪ বাংলাভাষী টেলিভিশন চ্যানেল, যা উত্তর আমেরিকার বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। টিবিএন২৪–এর খবর এ শহরের সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আইনি পরামর্শ, ধর্মীয় শিক্ষা, চিকিৎসাসেবা পরামর্শসহ নানা অনুষ্ঠান অভিবাসী দর্শকদের কাছে বেশ দর্শকনন্দিত হয়েছে। এ ছাড়া দেশি, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলো তারা নিয়মিত এ দেশের বাঙালি কমিউনিটি দর্শকদের সামনে হাজির করেন। ইতিমধ্যেই টিবিএন২৪–এর সম্প্রচার নিউইয়র্ক ছাড়াও আমেরিকার অন্যান্য শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি উপভোগ করতে পারেন।
নিউইয়র্ক নগরের কুইন্সে এই টিভি চ্যানেলের প্রধান কার্যালয়। অনুষ্ঠানে আসা দর্শকদের উদ্দেশ্য প্রশ্ন ছিল, গেল বছর কেমন ছিল? আর নতুন বছরে টিবিএন২৪ চ্যানেলের কাছে প্রত্যাশা কি? সবাই চ্যানেলটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন। সঙ্গে সঙ্গে নিউইয়র্ক কমিউনিটির খবরা খবরের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেলের সিইও আহমদুল কবীর বারো ভূঁইয়া। তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নিউইয়র্ক থেকে প্রচারিত টিবিএন২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। বাংলাকে আমরা ধারণ করতে চাই আমাদের প্রতিটি কর্মে, প্রতিটি অর্জনে। পৌঁছে দিতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। এই ব্রত নিয়ে সুদূর আমেরিকায় কাজ করে যাচ্ছেন অনেকেই।’

এক প্রবাসীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন বিপাশা হায়াৎ
এক প্রবাসীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন বিপাশা হায়াৎ

ঢুলি শফিকের নান্দনিক ঢোলের তালে তালে টিবিএন২৪ চ্যানেলের প্রত্যাশার ২০২০ মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই চ্যানেল কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠানের নানা আয়োজন তুলে ধরে। দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের নৃত্যশিল্পী মাইশা। এই প্রজন্মের আরেক প্রতিভাবান ইংরেজি গানের বাঙালি শিল্পী কমিউনিটির পরিচিত মুখ রাহমি খানের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। তার ইংরেজি পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব, চন্দন, নীপা, রুমি, মৃনাল সাহা, আলী মাহমুদ, বাপার শিল্পীরাসহ অনেকেই। বরাবরের মতোই কবিতা আবৃতি করেন বাচীক শিল্পী গোপন সাহা ও শুক্লা রায়।
সাংবাদিক শামীম শাহেদের প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে আসেন বিপাশা হায়াত। বিপাশার কবিতা আবৃত্তি আলো–আঁধারের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাকে মুহূর্তেই ভিন্ন আবহ এনে দিয়েছিল।
সমাজে শুধু ব্যবসা করে নয়, আমেরিকার মাটিতে সফলভাবে সব শ্রেণির মানুষের রুচির দিকে সুনজর দেওয়া রেস্টুরেন্ট মালিকদের অনুষ্ঠানে সম্মাননা পদক দেওয়া হয়। তেমনি সম্মাননা গ্রহণ করেন মান্নান বেকারী, আলাউদ্দিন বেকারী ও রেস্টুরেন্ট, ইত্যাদি গার্ডেন, মতিন গ্রুপ, আবদুল্লাহ সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, খলিল বিরিয়ানি হাউস, ডিজিটাল ওয়ান, সাগর রেস্টুরেন্ট। অতিথি বিপাশা হায়াতের হাত থেকে সম্মাননা নেন ডিজিটাল ওয়ান–এর কর্ণধার হাসেম, ডাক্তার সি এম হাসান, ডাক্তার শিল্পী আহমেদ, অ্যাটর্নি মইন চৌধুরী, অ্যাটর্নি মাহফুজুর রহমান, অ্যাকাউন্ট্যান্ট হাশেম, ব্রিগেডিয়ার খান ফিরোজ আহমেদ।
নানা পর্যায়ে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি রথীন্দ্রনাথ রায়, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ব্যারিস্টার সায়দুল হক প্রমুখ। নাচে–গানে–কবিতায়–ছবিতে–সেলফিতে–কথায় আর গল্পে চমৎকার এই আয়োজন নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।