টিভি শো নকল করতে গিয়ে আগুনে পুড়ল ২১ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা

টিভি শোতে দেখানো কসরত নকল করতে গিয়ে আগুনে পুড়েছে ২১টি ভবন। এর মধ্যে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর বাকি ১৮টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩০ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর আলবেনির কোহস শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টিভিতে দেখা একটি শোতে বিশেষ একটি কৌশল দেখে তা রপ্ত করার চেষ্টা করেন জন গোমেজ নামের এক ব্যক্তি। হিস্টরি চ্যানেলে দেখানো ‘ফোর্জড ইন ফায়ার’ নামের একটি অনুষ্ঠানে আগুনের সাহায্যে ধাতু বাঁকিয়ে ধারালো ও তীক্ষ্ণ করার কৌশল দেখানো হয়। আর কোহস শহরে নিজের বাড়ির উঠোনে এ কৌশল রপ্ত করতে গিয়ে অগ্নিকাণ্ডের সূচনা করেন তিনি। মূলত সে সময় কোহস শহরের বাতাসের গতিবেগ বেশি থাকাতেই জন গোমেজের বাড়ির উঠোন থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
৩০ নভেম্বর বিকেলে গোমেজ বাড়ির উঠানে ধাতু বাঁকানোর চেষ্টা করেন। এ সময় কোহস শহরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০-৩০ মাইল। আলবেনির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস ইউনিয়ন-এর প্রতিবেদনে বলা হয়, আগুনে তিনটি ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া আরও ১৮টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ২০ জন। ছোট এই শহরটিতে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। তিন ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর এক ঘণ্টা পর আবার আগুনের অস্তিত্ব টের পাওয়া যায়। ধোঁয়ায় ছেয়ে ফেলে পুরো শহর। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মীও।
কোহস শহরের মেয়র শন মোরস সিবিএস নিউজকে বলেন, ‘শহরে ঘটা দুর্যোগগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ। এই আগুন আমার মন ভেঙে দিয়েছে। উন্মুক্ত স্থানে কোনো কিছু পোড়ানো থেকে বিরত থাকতে আমরা সব সময়ই নাগরিকদের আহ্বান জানাই। আর এর উত্তরে তারা বলে, কী আর হবে? আর এই খামখেয়ালিপনায় এখন আমাদের শহরের ডাউনটাউনের অর্ধেক অঞ্চলই পুড়ে গেছে। ক্ষতি হয়েছে কয়েক মিলিয়ন ডলারের।’
এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে জন গোমেজের বিরুদ্ধে অভিযোগ এনেছে শহর কর্তৃপক্ষ। ৩০ নভেম্বর রাতেই ৫১ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ বিষয়ে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে শিগগিরই।