টিভির রিমোট চুরির সাজা ২২ বছর জেল!
টেলিভিশনের একটি রিমোটের দাম কত হতে পারে! সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা, এই তো! কিন্তু ছোট্ট এই রিমোটটি চুরি করে যদি ধরা পড়েন, তাহলে এই অপরাধের সাজার কথা ভাবুন তো। দু-চারটি চর-থাপ্পড়, বড়জোর কিছু টাকা জরিমানা। আর সেই চোর যদি দাগি হন তাহলে, কয়েক দিন জেলখানার ভাতও জুটতে পারে তাঁর কপালে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই রিমোট চুরির অপরাধে এক ব্যক্তির কী সাজা দেওয়া হয়েছে তা জানলে চোখ চড়কগাছ হয়ে যেতে পারে। জরিমানা নয়, দু-এক দিন কারাবাসও নয়, টানা ২২ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।
আজ সোমবার ব্রিটিশ অনলাইন পত্রিকা ইনডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টিভির রিমোট চুরির অপরাধে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এরিক ব্রামওয়েল নামের এক ব্যক্তির ২২ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন একটি আদালত।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের আগস্টে ইলিনয়ের হোয়েটন এলাকার একটি আবাসিক ভবন থেকে টিভির রিমোট চুরি করেন ৩৫ বছর বয়সী এরিক। চুরি করে যাওয়ার সময় তিনি হাতের একটি দস্তানা ফেলে রেখে যান। পরে ওই দস্তানার সূত্র ধরে এরিককে গ্রেপ্তার করা হয়। গত বছরের নভেম্বরে তিনি দোষী সাব্যস্ত হন। সম্প্রতি তাঁর অপরাধের রায় ঘোষণা করেন আদালত।
আদালতের কৌঁসুলি বলেন, এরিকের অপরাধের ইতিহাস ঘেঁটে দেখা গেছে, তাঁর এই অপরাধের জন্য ৩০ বছর কারাদণ্ড পাওয়া উচিত ছিল। এর আগে তাঁর বিরুদ্ধে পাশের ভবন থেকে এ রকম রিমোট ও টিভি চুরির আরও অভিযোগ রয়েছে।
অ্যাটর্নি জেনারেল রবার্ট বার্লিন বলেন, ‘এরিকের অপরাধের ইতিহাস তাঁকে এই সাজা দেওয়ায় ভূমিকা রেখেছে।’