টুইটারে ট্রাম্পের টুইট নিয়ে হইচই
টুইটার পোস্টে টাইপের ভুলের কারণে উপহাসের পাত্র হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীরা নির্দয়ভাবে সমালোচনা করছেন তাঁকে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ওয়াশিংটন টাইমের প্রতিবেদনে জানানো হয়, মধ্যরাতের পর ট্রাম্প টুইট বার্তায় বলেন ‘Despite the constant negative press covfefe'. এরপর ট্রাম্প তাঁর বক্তব্য শেষ না করেই ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হয়। তবে তিনি coverage লিখতে গিয়ে ভুল করে covfefe লিখেছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যদিও covfefe দিয়ে ট্রাম্প কী বোঝাতে চাইছেন, তা নানা বিকল্প শব্দ অনুমান করছেন। কেউ বা covfefe শব্দের উচ্চারণ করেছেন। এ ধরনের ভুল ট্রাম্পের কোনো সহযোগী কেন ঠিক করে দিলেন না—এ ব্যাপারেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
গুগল ট্রান্সলেট covfefe শব্দটিকে সামাওন ভাষার শব্দ হিসেবে শনাক্ত করেছে। তবে এই শব্দের কোনো ইংরেজি অনুবাদ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ covfefe. us নামে ডোমেইন কেনার আগ্রহ প্রকাশ করেছে। এই শব্দটি অনলাইনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।