‘দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ ফের সেই কথা জানালাম’ এই স্লোগানে যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীরা সমাবেশ করেছে। নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার তারা এ কর্মসূচি পালন করে।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারস (এবিএসএস) এর আহ্বানে বিশ্ববিদ্যালয়টির প্রবেশদ্বারে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিমের সড়ক দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়।
‘নিরাপদ সড়ক চাই’ এই স্লোগান ছাড়াও নানাবিধ প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রীদের সমাবেশস্থলে যোগ দিতে দেখা যায়। পাশাপাশি মা বাবার সঙ্গে শিশুরাও এতে যোগ দেয়।
প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী জাইয়ান নিজে একটি পোস্টার এঁকে নিয়ে সমাবেশে আসে। যেখানে লেখা ছিল ‘ডোন্ট গো ফাস্ট, গো স্লো’। এ ছাড়া ‘লাইসেন্সবিহীন চালক নয়’, ‘রোডস নট গ্রেভইয়ার্ড’, ‘আমিই বাংলাদেশ, আমার নিরাপত্তা চাই’ প্রভৃতি লেখা পোস্টারগুলো কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের বহন করতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত এক যুগেও বাংলাদেশ সড়ক নিরাপত্তার প্রশ্নে সঠিক কোনো পদক্ষেপ নিতে পারেনি। জনবহুল রাজধানীতে বিভিন্ন পরিবহনের রাস্তায় রেইস বা অসম প্রতিযোগিতা বন্ধের লক্ষ্যে, নানা নামের একই রুটে চলাচলকারী সকল পরিবহনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। একটির পর একটি বাস নিরাপদে বাসস্টপে দাঁড়িয়ে যাত্রী নিয়ে গন্তব্যে যাবে, কোনো ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
বক্তারা বাংলাদেশে শিশুকিশোরদের চলমান দাবিকে জনদাবি উল্লেখ করেন তা পূরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এসব দাবি মেনে নিয়ে সড়ক পরিবহন ব্যবস্থা নতুনভাবে সাজাতে হবে।
সমাবেশ শেষে এবিএসএস সভাপতি নোশীন জনদাবি আদায় না হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করেন।