টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমেরিকার টেক্সাস টেক বিশ্ববিদালয়ে আয়োজন করা হয় চার দিনব্যাপী কর্মসূচির। ২১ ফেব্রুয়ারি টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রদর্শনী হলে আয়োজন করা হয় দিনব্যাপী ৫২’র ভাষা আন্দোলনের পটভূমি ও স্বাধীনতা আন্দোলনের ওপর স্থিরচিত্র প্রদর্শিত হয়। একই সঙ্গে মহান ভাষা আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনেরও আয়োজন করা হয়। আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের নানা ভাষাভাষী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রদর্শনীতে এসে বিশ্বব্যাপী ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের এস্কেনডিডু হলে মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ডুব’ প্রদর্শিত হয়। বিদেশি অনেক দর্শক ছবিটি উপভোগ করেন। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিপাদ্য বিষয় ছিল ‘শহীদ মিনার’। কর্মসূচির শেষ দিন ২৪ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারের মূল মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সম্ভাষণ জানান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারসের সভাপতি নোশিন মুবতাসিম প্রিয়ম। এতে ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহের ওপর বক্তব্য রাখেন ড. গৌতম সোম। কানিজ ফারজানার বাউল লালন শাহের গানের সঙ্গে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে আদৃতা। ভারতীয় শিশুশিল্পী ঋষির অনবদ্য পরিবেশনা ও আতিন্দ্র পালের দলীয় পাঞ্জাবী নৃত্য সবার দৃষ্টি আকর্ষণ করে। কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ আবৃত্তি করেন শাহ আনসারী।
নেপালের পক্ষ থেকে সংগীত পরিবেশন করেন জেসমিন ও প্রকাশ। নেপালি নৃত্য পরিবেশন করেন তেরেসা গৌতম। আফ্রিকান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পরিবেশন করে তাদের ঐতিহ্যবাহী সংগীত। অমিত ও রোমানের বাংলাদেশের গান দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সবশেষে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক মঞ্চস্থ করেন কামরুল, আদিব, বোরহান, মাকসুদ, সাকিব ও তৌকির।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নাঈম, শাখাওয়াত,আরিফ, সানি, খালেদ, শহীদ, ডব্লিউ, বোরহান, কাদের, মারুফসহ আরও অনেকে। আলোক সম্পাতে ছিলেন মৌসুমী, প্রীতম, রায়হান, রয়ন ও সাইফুল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রোমান ও মায়াবী। সার্বিক তত্ত্বাবধান ও যন্ত্রানুষঙ্গে ছিলেন ড. এস ভট্টাচার্য, ড. মাহফুজ, ড. স্বস্তিকা, অর্পিতা, বিশ্বজিৎ রায় ও ড. সঞ্জিত দেব।