টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদ্যাপন

বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমেরিকার টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।
দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন টেক্সাস টেক ইউনিভার্সিটির মূল গ্রন্থাগারে বাংলা ভাষা ও সাহিত্যের নানা দিক এবং বাংলাদেশের মনোরম প্রকৃতির দৃশ্যপটের প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে।
২৪ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার মিলনায়তনে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালি ও বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. সাইফ হক একুশে ফেব্রুয়ারির ঘটনাপ্রবাহ নিয়ে তথ্যনির্ভর বক্তব্য পেশ করেন। অর্পিতা ও আদৃতার ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ডমিনিকান রিপাবলিকের লরা অনবদ্য যন্ত্রসংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের আরও সংগীত পরিবেশন করেন জেরিন জ্যোতি, ড. মাহফুজুর রহমান, শাকিল, নুশা, নন্দিনী ও হৃদি। যন্ত্রানুষঙ্গে ছিলেন ড. সঞ্জয় ভট্টাচার্য, ড. আদনান ও বিশ্বজিৎ। গাউস আলম ও মায়াবী অনবদ্য উপস্থাপনা করেন। আলোকসম্পাতে ছিলেন উপমা, সামিউর, আদনান, শহীদ ও রয়ন। বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে নাঈম রেজা সবাইকে ধন্যবাদ জানান।