টেক্সাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর নাম লেস্টার বোয়ার জুনিয়র।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের ডলাসের উত্তরাঞ্চলের শহর শারমনে এক বিমান-ছাউনিতে (হ্যাঙার) চারজনকে গুলি করে হত্যার দায়ে লেস্টারকে মৃত্যুদণ্ড দেন আদালত। দেশটির সুপ্রিম কোর্ট চূড়ান্ত আপিল নাকচ করার পর তাঁর দণ্ড কার্যকর করা হয়।
টেক্সাসে ১৯৮২ সালে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান পুনারায় চালু করা হয়। এরপর থেকে এ পর্যন্ত সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে লেস্টার সবচেয়ে বয়স্ক।
প্রাণঘাতী ইনজেকশন দিয়ে লেস্টারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ বছর টেক্সাসে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
পুলিশের ভাষ্য, লেস্টার রাসায়নিক পণ্যের বিক্রেতা ছিলেন। ওই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার কোনো অভিযোগ ছিল না। লেস্টার একটি বিমান কিনতে শারমনের ওই বিমান-ছাউনিতে গিয়েছিলেন। কিন্তু তিনি বিমান চুরি এবং হ্যাঙারে চারজনকে হত্যা করে।