টেক্সাসে গুলিবিনিময়ে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকো শহরে বাইকারদের মধ্যে গুলিবিনিময়ের স্থান থেকে এক ব্যক্তিকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবিটি ওয়াকো পুলিশ বিভাগের সৌজন্যে পাওয়া।
ওয়াকো শহরে বাইকারদের মধ্যে গুলিবিনিময়ের স্থান থেকে এক ব্যক্তিকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবিটি ওয়াকো পুলিশ বিভাগের সৌজন্যে পাওয়া।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াকো শহরে বিবদমান সশস্ত্র বাইকারদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে অন্তত নয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার শহরের সেন্ট্রাল টেক্সাস মার্কেট প্লেস এলাকায় অবস্থিত টুইন পিকস স্পোর্টস বার অ্যান্ড গ্রিল নামের রেস্তোরাঁয় বাইকারদের মধ্যে বিরোধ ও সংঘর্ষ দেখা দেয়। পরে তা রেস্তোরাঁর বাইরে গুলিবিনিময় পর্যন্ত গড়ায়।

ওয়াকোর পুলিশের সার্জেন্ট প্যাট্রিক সোয়ানটনের ভাষ্য, গুলিবিনিময়ে ঘটনাস্থলে আটজন ও হাসপাতালে একজন নিহত হয়েছে। তারা সবাই বাইকার। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সশস্ত্র বাইকারদের কমপক্ষে পাঁচটি দল এই সংঘর্ষে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা দিয়েছে পুলিশ। ওয়াকো পুলিশের ভাষ্য, রেস্তোরাঁটির কাছে গাড়ি রাখার স্থান নিয়ে বাইকারদের মধ্যে বিরোধ দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে। মধ্যাহ্নের কিছু পর বাইকারদের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

পুলিশ কর্মকর্তা সোয়ানটন বলেন, ‘প্রথমে হাতাহাতি, পরে তা গুলিবিনিময়ে গড়ায়। ৩৪ বছরের পেশাজীবনে এমন ভয়াবহ ঘটনা দেখিনি।’

মিচেল লোগান নামের এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ‘রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গাটিকে একটি যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল। সেখানে সম্ভবত ৩০টি আগ্নেয়াস্ত্র থেকে ১০০টি গুলি ছোড়া হয়েছে।’