টেক্সাসে ঘূর্ণিঝড়ে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানা ঘূর্ণিঝড়ে অন্তত আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক ঘূর্ণিঝড়ে ২৬ জন নিহত হলো। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল শনিবার সন্ধ্যায় টেক্সাসের বিভিন্ন শহরে একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।

ডালাসের কাছে গারল্যান্ডে একাধিক গাড়ির ভেতর পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে ওই গাড়িগুলো দুর্ঘটনায় পড়ে বলে ধারণা কর্তৃপক্ষের। পার্শ্ববর্তী দুটি শহরে আরও তিনজনের লাশ পাওয়া যায়। হতাহতের আরও ঘটনা আছে কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে গির্জা, ঘরবাড়ি, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা। বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাসলাইন।

স্থানীয় অধিবাসীদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

গত বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে মিসিসিপিতে ১০ জন, টেনেসিতে ছয়জন, আরাকানসাসে একজন ও আলাবামায় একজনসহ ১৮ জন নিহত হয়। আহত হয় অনেকে।