টেক্সাসে দুজনের মৃত্যু, বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলীয় অঞ্চলে গত শনিবার আঘাত হানা হারিকেন হারভির ধ্বংসযজ্ঞ। ছবি—এএফপি (ইনসেটে) টেক্সাসের রক পোস্টে হারভির আঘাতে ঘরবাড়ি হারিয়ে চার বছরের শিশুসন্তান ম্যাক্সিমাসকে আঁকড়ে ধরে আছেন মা লিসা। কেউ এসে উদ্ধার করবেন, এই অপেক্ষায় তাঁরা l ছবি: রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলীয় অঞ্চলে গত শনিবার আঘাত হানা হারিকেন হারভির ধ্বংসযজ্ঞ। ছবি—এএফপি (ইনসেটে) টেক্সাসের রক পোস্টে হারভির আঘাতে ঘরবাড়ি হারিয়ে চার বছরের শিশুসন্তান ম্যাক্সিমাসকে আঁকড়ে ধরে আছেন মা লিসা। কেউ এসে উদ্ধার করবেন, এই অপেক্ষায় তাঁরা l ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্রপিক্যাল স্টর্ম হারভির আঘাতে দুজন মারা গেছে। হিউসটন ও রকপোর্ট এলাকায় ঘটে প্রাণহানির এই দুটি ঘটনা। টেক্সাসে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সে কারণে অঙ্গরাজ্যটিতে ভয়াবহ বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট।

ক্যাটাগরি চার মাত্রার হারিকেনের শক্তি নিয়ে প্রথমে টেক্সাসের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে হারভি। পরে এর মাত্রা কমে এলে শনিবার এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের রূপ নেয়।

টেক্সাসের গভর্নর বলেন, তাঁর অঙ্গরাজ্যের হিউসটন ও খরপুস ক্রিস্টিতে ইতিমধ্যে ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর দ্বিগুণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি ঝড়টি শান্ত হওয়ার আগে।

ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজারো লোক। ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধারকাজেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে টেক্সাসের আরানজাস কাউন্টিতে শুক্রবার রাতে এক লোকের মৃত্যু হয়েছে। পরদিন শনিবার হিউসটনের সড়কে গাড়ি চালানোর সময় বন্যার পানিতে এক নারীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, আরানজাসে রকপোর্ট প্রধান শহর এবং যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হলো হিউসটন।

 হিউসটন কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী ব্রাজোস নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় শহরটির দক্ষিণের কারাগারগুলো থেকে প্রায় সাড়ে চার হাজার কয়েদিকে টেক্সাসের পূর্ব দিকের কারাগারগুলোয় স্থানান্তর করা হয়েছে। ঝড়ের তাণ্ডব কিছুটা কমে আসার পর রকপোর্টের প্রতিবেশীরা একে অপরের বাড়িতে যাচ্ছেন, দেখছেন তাঁদের প্রতিবেশী জীবিত আছেন কি না।