টেক্সাসে সামরিক স্বাস্থ্যকেন্দ্রে গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে একটি সামরিক স্বাস্থ্যকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে গতকাল মঙ্গলবার দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন বন্দুকধারী নিজে। এল পাসোর ফোর্ট ব্লিসে ওই স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। বেস কমান্ডার মেজর জেনারেল স্টিফেন টুইটির ভাষ্য, বিকেলের দিকে বন্দুকধারী গুলি ছোড়ে।

এএফপির খবরে জানানো হয়, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ ব্রিফিংয়ে মেজর জেনারেল স্টিফেন টুইটি বন্দুকধারী ও আরও একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। তবে কীভাবে ওই হামলা হলো এবং তারা নিহত হলো—এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনার তদন্ত করছে। মেজর জেনারেল স্টিফেন টুইটি জানান, ফোর্ট ব্লিসের সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আর কোনো বিপদের আশঙ্কা নেই।

গত বছরের এপ্রিল মাসে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মার্কিন সেনার গুলিতে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়। ২০০৯ সালের নভেম্বরে ফোর্ট হুডে একটি সেনাঘাঁটিতে গুলি চালান মেজর নিদাল হাসান। এতে ১৩ জন নিহত হয় ও ৩০ জনের বেশি আহত হয়।