টেক্সাসে হাত তোলা অবস্থায় পুলিশের গুলির ভিডিও
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হাত ওপরে তোলা অবস্থাতেই পুলিশের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। খবর বিবিসির।
ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলি খেয়ে পড়ে যাওয়ার আগে ওই ব্যক্তি একটি বাড়ির পাশে হাত তোলা অবস্থায় দাঁড়িয়ে আছেন। পুলিশ দাবি করেছে, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন। পুলিশ কর্মী তাঁকে কাবু করতেই গুলি করেন।
যুক্তরাষ্ট্রে গত এক বছরে পুলিশের গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকেই কৃষ্ণাঙ্গ। এসব ঘটনার পেছনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের কৌশল এবং কখনো কখনো বর্ণবাদী মনোভাব দায়ী বলে অভিযোগ রয়েছে।
প্রকাশিত ফুটেজের ওই ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মী গ্রেগ ভাসকেজ ও রবার্ট সানচেজকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি শেরিফের দপ্তর তদন্ত করছে। শেরিফ সুসান পামেরলিয়াউ বলেন, নিশ্চিতভাবেই ভিডিওতে যা রয়েছে তা উদ্বেগের কারণ।