টেক্সাসে ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার টেক্সাসে নয় অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ জুলাই টেক্সাসের সান আন্তোনিও শহরে একটি ট্রেইলার ট্রাকের মধ্য থেকে প্রথমে আট অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে। শহরটিতে ওয়ালমার্টের একটি বিক্রয়কেন্দ্রের বাইরে গাড়ি পার্কিংয়ে থাকা একটি ট্রাক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

ট্রাকটি থেকে উদ্ধারকৃতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে ১৫ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। এদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই অবৈধ অভিবাসী বলে জানিয়েছে সান আন্তোনিও কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রাকটিতে মোট ৩৯ জন ছিলেন। এর মধ্যে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুজন পার্শ্ববর্তী জঙ্গল দিয়ে পালিয়ে যায়। এর মধ্যে একজন নিহত হয়েছে। ট্রাকটির চালক জেমস এম ব্র্যাডলি জুনিয়রকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
সান আন্তোনিওর পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেন, ট্রাকটিতে থাকা এক ব্যক্তি ওয়ালমার্টের এক কর্মীর কাছে পানি চান। পরে ওই কর্মী বিষয়টি সম্পর্কে পুলিশকে অবহিত করেন। পরে ট্রাকটির মধ্যে থাকা মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এ ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। এটি নিঃসন্দেহে মানবপাচারের একটি ঘটনা।
এর আগে ২০০৩ সালের মে মাসে টেক্সাসেরই ভিক্টোরিয়া অঞ্চল থেকে একটি ট্রাকের মধ্য থেকে ৭০ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে মৃত উদ্ধার করা হয়েছিল।
২৩ জুলাইর ঘটনা সম্পর্কে ম্যাকম্যানাস নিউইয়র্ক টাইমসকে বলেন, ওই ট্রেইলার ট্রাকে থাকা কিছু ব্যক্তিকে বিভিন্ন গাড়ি এসে তুলে নিয়ে যেতে দেখা গেছে ভিডিও ফুটেজ। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথকভাবে তদন্ত করছে। তবে ট্রাকটি কোথা থেকে এখানে এসেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাকের মধ্যে মৃত অবস্থায় পাওয়া আটজন পানিশূন্যতা ও হিটস্ট্রোকের কারণে মারা গেছেন বলে জানিয়েছে সান আন্তোনিওর পুলিশ বিভাগ। অভিবাসন বিশেষজ্ঞ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যাপক নেস্তর পি রদ্রিগেজ বলেন, এ ধরনের ট্রাকগুলোকে ‘ভ্রাম্যমাণ চুল্লির’ সঙ্গে তুলনা করা যায়। স্টিল ও ধাতু দিয়ে তৈরি এসব ট্রাক। আর ২২ জুলাই রাতে এখানকার তাপমাত্রা ছিল প্রায় ৯৬ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস)। এ অবস্থায় ট্রাকটিতে এমনকি শীতলীকরণের ব্যবস্থা থাকলেও তা খুব একটা কাজে আসত না।
এ ধরনের ঘটনার জন্য সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিকে দায়ী করছেন বিশ্লেষকেরা। নিউইয়র্ক টাইমসকে তারা বলেন, কঠোর অভিবাসন নীতির বিপদ সম্পর্কে অনেক দিন থেকেই সতর্ক করা হচ্ছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কঠোর অভিবাসন নীতির কারণে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হওয়ায় তাদের মধ্যে মানবপাচারকারীদের ফাঁদে পা দেওয়ার প্রবণতা বেড়ে যায়। ফলে মানবপাচার রোধ অনেকটা কঠিন হয়ে পড়ে।
এদিকে মানবপাচার রোধের জন্য কঠোর অভিবাসন নীতিই বেশি কার্যকর বলে মনে করেন মার্কিন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা। আইসিই ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোমান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনা প্রতিহতে সবচেয়ে বেশি মনযোগ দিচ্ছে আইসিই।
আইসিইর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্তে ট্রাকের মধ্য থেকে অনেকটা নিয়মিতভাবেই অবৈধ অভিবাসীদের উদ্ধার করছে সীমান্তরক্ষী বাহিনী। চলতি মাসেই ল্যারেডো সীমান্ত থেকে ৭২ জন লাতিন আমেরিকানকে উদ্ধার করা হয়। আর গত জুনে মেক্সিকোর রিও গ্রান্ডে থেকে টেক্সাসে আসা একটি ট্রাক্টর ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪৪ জনকে। আর গত সপ্তাহেই টেক্সাস থেকে ১২৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ফেডারেল অভিবাসন এজেন্টরা।
এদিকে নয় অভিবাসীর মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘ট্র্যাজিক’ আখ্যা দিয়ে শহরটির মেয়র রন নিরেনবার্গ এক বিবৃতিতে বলেন, কোনো নারী, পুরুষ কিংবা শিশুর থেকে মুখ ফিরিয়ে নেবে না সান আন্তোনিও।
প্রসঙ্গত, অবৈধ অভিবাসীদের জন্য সান আন্তোনিও শহর বিশেষ কিছু। কারণ এ শহরের কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ অধিবাসীদের অভিবাসন সংক্রান্ত নথিপত্র পরীক্ষা না করার নীতি অনুসরণ করে। টেক্সাসের অন্য অনেক শহরের মতোই এ শহরও সরকারি অভিবাসন সংস্থার সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে সম্মত নয়। অভিবাসন সংস্থাকে সহায়তার জন্য করা একটি আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলাও করেছে সান আন্তোনিও শহর। আর এ অবস্থান থেকে শহরটি বিচ্যুত হবে না বলেও জানিয়ে দিয়েছে।