টেক্সাসের অস্টিনে বিজয় দিবস উদ্যাপিত

টেক্সাসের অস্টিন শহরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। ১৪ ডিসেম্বর অস্টিনের এশিয়ান আমেরিকান রিসোর্স সেন্টারে অস্টিনপ্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানা, ধারণ করা এবং পরবর্তী প্রজন্মকে সেই গৌরবময় ইতিহাস জানানো। অনুষ্ঠানের সূচনা হয় বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের সন্তান মাহমুদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিউনিটির পক্ষ থেকে অস্টিন শহরে বসবাসরত তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন একজন শহীদ পরিবারের সন্তান।
অনুষ্ঠানে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির প্রতিরোধ নিয়ে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য। কথা, সুর আর ছন্দে ইতিহাসের গল্প তুলে ধরেন অস্টিন কমিউনিটির সদস্যরা। এ ছাড়াও দলীয় ও একক সংগীত এবং নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিশু শিল্পীরা।
১৯৭১ সালের ইতিহাস নিয়ে পরিবেশিত হয় গীতিনাট্য ‘একাত্তরের প্রতিচ্ছবি’। সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ সেন্টারের সহযোগিতায় ১৯৭১ সালের দুর্লভ আলোকচিত্র, পত্রিকা, বই এবং বাংলাদেশের বিভিন্ন পরিচিতিমূলক পোস্টার নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কনের আয়োজন করা হয় রং-তুলিতে বাংলাদেশ শিরোনামে।
অনুষ্ঠানের শেষে ৯০ দশকের বিখ্যাত ব্যান্ড উইনিং আর ওয়ারফেজের চন্দন ও বাবনা সংগীত পরিবেশন করেন।