টেক্সাসের এক কাউন্টিতেই ৮৫ শিশু করোনা পজিটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেক্সাসের হিউস্টনে করোনা পরীক্ষা করতে আসা মানুষের নমুনা সংগ্রহ করতে করতে হাঁফিয়ে পড়েছেন এই স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স
টেক্সাসের হিউস্টনে করোনা পরীক্ষা করতে আসা মানুষের নমুনা সংগ্রহ করতে করতে হাঁফিয়ে পড়েছেন এই স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের নুইসেস কাউন্টিতে ৮৫ জন শিশু করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। সব শিশুরই বয়স এক বছরের নিচে। কর্পাস ক্রিস্টি নুইসেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর অ্যানেট রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের নুইসেস কাউন্টিতে চলতি মাসে করোনাভাইরাসের সংক্রমণ কমার প্রবণতা লক্ষ করা গেছে। এরপরও এক বছর বয়সের নিচের ৮৫ জন শিশু করোনাভাইরাসের সংক্রমিত হয়েছে। ভয়ংকর এই ভাইরাস প্রতিরোধে অ্যানেট রদ্রিগেজ সবাইকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

রদ্রিগেজ বলেন, ‘যেসব শিশু করোনায় সংক্রমিত হয়েছে, তাদের সবার বয়স এক বছরের নিচে। তাদের কেউই এখনো প্রথম জন্মদিন দেখেনি। অথচ এরই মধ্যে তারা সংক্রমিত হয়েছে। সবার কাছে অনুরোধ, এই ভাইরাস প্রতিরোধে সবাই আমাদের সাহায্য করুন।’ তবে করোনায় সংক্রমিত ওই ৮৫ শিশুর শারীরিক অবস্থা কেমন, রদ্রিগেজ তা জানাননি।

কর্পাস ক্রিস্টি সিটি ম্যানেজার পিটার জানোনি বলেন, টেক্সাসের মেট্রোপলিটন কাউন্টিগুলোতে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ দ্রুত বেড়ে গেছে।

এদিকে রাজ্যের সবকিছু দ্রুত চালু করতে স্টেট রিপ্রেজেন্টেটিভ শেইলা জ্যাকসন লি ও জ্যাকুইন কাস্ত্রো রাজ্য গভর্নর গ্রেগ অ্যাবোটকে চিঠি দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্যামেরন ও হাইদালগো কাউন্টিতে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় আছে। সেখানে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। হাসপাতালের মর্গে জায়গা না থাকায় রেফ্রিজারেটর ট্রাকে মরদেহ রাখতে হচ্ছে।

টেক্সাস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের তথ্য অনুযায়ী, ১৮ জুলাই পর্যন্ত রাজ্যে ৩ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। আর মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের।