টেক্সাসের টেক ইউনিভার্সিটিতে মিলনমেলা
টেক্সাসের টেক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার মিলনায়তনে বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২৫ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় মিলনমেলায়। প্রতিবছরের মতো এবারও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড স্কলার্স তিন দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।
আরেফিন ও ইশরাতের উপস্থাপনায় অনুষ্ঠানে বিলকিস মিতু কবি শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ কবিতাটি আবৃত্তি করেন। পরে অধ্যাপক মিলেরিকের বাঁশিতে কবিগুরুর ‘পুরোনো সেই দিনের কথা’ গানটি স্কটিশে অনুবাদ করে পরিবেশন করা হয়। সেটি বেশ উপভোগ্য ছিল।
ভারতীয় সংস্কৃতির প্রতিফলন নিয়ে কত্থক নৃত্য পরিবেশন করেন মালিনী। রাজস্থানি সংগীতে ছিল চুমকি ও রিচা। নাইজেরিয়ান অ্যান্থনি কবিতায় নিজ দেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরেন।
ইরানের সংগীত ও বাদ্যযন্ত্র পরিবেশন করেন নিমা ও ফারাজ। ক্রোয়েশীয় সংগীত পরিবেশন করেন টিটলার। ভিয়েতনামের সংগীত পরিবেশন করেন টমি এনজি। ইতালির অনবদ্য অপেরা সংগীত পরিবেশন করেন হান্ডিও। নেপালি নৃত্য পরিবেশন করেন পোশা জিটি।