যুক্তরাষ্ট্রে এ যাবৎকালের সবচেয়ে বড় হটএয়ার বেলুন দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। গত শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের লকহার্ট শহরের কাছের মাঠে আগুন ধরে যাওয়া হট এয়ার বেলুনটি পড়ে যায়। টেক্সাসের নিরাপত্তা বিভাগ বলেছে, এতে ১৬ আরোহীর সবাই নিহত হয়েছেন।
টেক্সাসের কল্ডওয়েল কাউন্টির শেরিফ ড্যানিয়েল ল বলেন, জরুরি উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে যান তখন বেলুনের আরোহী বসার ঝুড়িতে আগুন জ্বলছিল। স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা ওই দুর্ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, বেলুনটি খোলা মাঠের মধ্যে থাকা বিদ্যুতের উঁচু খুঁটির কাছাকাছি নেমে আসছিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এ দুর্ঘটনার তদন্ত করবে। দুর্ঘটনাকবলিত বেলুনটি টেক্সাসের অস্টিন-ভিত্তিক কোম্পানি ‘হার্ট অব টেক্সাস বেলুন রাইডস’-এর বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এনটিএসবি কর্তৃপক্ষ দুই বছর আগে যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন ওড়ানোর বিষয়ে নিরাপত্তাগত নিয়মের কড়াকড়ি ও তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল।