টেম্পায় চার দিনের স্বপ্নের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্কে খেলায় মশগুল লেখকের এক সন্তান
পার্কে খেলায় মশগুল লেখকের এক সন্তান

সমুদ্রসৈকত, ডিজনি ওয়ার্ল্ড, কেনেডি স্পেস সেন্টার, ইউনিভার্সেল স্টুডিও—এমনি অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা রয়েছে আমেরিকার অন্যতম অঙ্গরাজ্য ফ্লোরিডায়। সেন্ট্রাল ফ্লোরিডায় রয়েছে বিশ্বখ্যাত ডিজনি ওয়ার্ল্ড। এ ছাড়া মিয়ামি, টেম্পা, ফোরট লডারডেল, গেইনভিল, টালাহাসি, জ্যাকসনভিল ফ্লোরিডার বড় শহরগুলোর অন্যতম। সেন্ট্রাল ফ্লোরিডায় আছি কমবেশি ১৬ বছর, অনেক বড় বড় শহর–বন্দর দেখা শেষ। এবার গ্রীষ্মকালীন ছুটিতে আমার মেয়ের ইচ্ছা ছিল মিশিগান যাবে, রমজানের কারণে কোথায় যাওয়া হয়নি। ৪ জুলাই বাসায় বাচ্চাদের জন্য আতশবাজির আয়োজন করে ভাতিজি মিশু। সেদিন মেয়েকে বলি এ সপ্তাহে আমরা ভ্যাকেশনে যাচ্ছি।

আমার বড় মেয়ে ওয়াদিয়া (১২), ছেলে ওয়াসি (৬) ও ওয়াফিক (৫) ও ছোট মেয়ে ওয়াফা (২১ মাস)—এই চারজনকে নিয়ে আমার বিশাল বহর। ৫ জুলাই ভোর সাড়ে ৬টায় কাজে যাই। পরিকল্পনা ছিল চলে আসব ১২–১টায়। কিন্তু সকালেই বুঝতে পারি ৩টা পর্যন্ত কাজ করতে হবে। সকাল ১০টায় স্ত্রী মাহ্ফুজাকে টেলিফোনে বলি, মাটন বিরিয়ানি বানাও, বিকেলে আমরা বের হব। ৬ জুলাই বৃহস্পতিবার কাজে যাব না, আর শুক্র ও শনিবার আমার ডে অফ। তিন–চার দিনের একটা ট্রিপ হয়ে যাবে। বাসায় পৌঁছে সাড়ে তিনটায় দেখি সবাই মোটামুটি তৈরি। বের হতে হতে সাড়ে ৫টা বেজে যায়। বাসা থেকে সোজা টেম্পার উদ্দেশে যাত্রা করি।

গন্তব্য টেম্পা, দেড় ঘণ্টার ভ্রমণ, কিসিমি থেকে খুব দূরে না হলেও টেম্পা খুব সুন্দর শহর। গাড়িতে বসেই হোটেল ‍ডটকম-এ ফোন করি। আমার খুব পছন্দের একটি রিসোর্ট সেইলপোর্টে রুম পেয়ে যাই। অসাধারণ রিসোর্ট, রিসোর্টের পাশে বিরাট লেক। অনেকটা সমুদ্রের মতো। সঙ্গে বিচ। লেকভিউ রুম পেয়েছি। আবহাওয়া খারাপ থাকায় বাচ্চারা পুলে যেতে পারেনি, রাতে সবাই রুমে বসে টিভি দেখে কাটিয়ে দিই। ৫৫০ বর্গফুট আয়তনের একটা অ্যাপার্টমেন্টের মতো কিচেন, বারান্দা, লিভিংরুমসহ একটা দুই রুমের বাসা এটি। আমার স্ত্রী খুব উপভোগ করেন।

পরদিন ৬ জুলাই ছিল আমার কাজ, ফোন করে ডে অফ নিয়ে নিই আগের রাতে। সকালে ঘুম থেকে উঠে নাশতা খেয়ে বাচ্চারা ছুটে গেল পুলে। অসাধারণ পুল, পুলের সঙ্গে ব্রেকফাস্ট রেস্টুরেন্টে। ২৫০ রুমের রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গাটাই এই পুল, কারণ পুলের সঙ্গেই লেক। বিশাল আকারের লেকের দৃশ্য দেখার মতো। দুই ঘণ্টা পুলে বাচ্চারা খেলাধুলা করে। তারপর দুপুরের পর রুমে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে চলে যাই ডাউন টাউন টেম্পার গ্লাজার চিলড্রেন মিউজিয়ামে। বছর তিনেক আগেও একবার এসেছিলাম এখানে।

বাচ্চাদের জন্য একটি অনন্য জায়গা টেম্পার গ্লাজার মিউজিয়াম বা জাদুঘর। ২ থেকে ১২ বছরের বাচ্চাদের উপযোগী একটি অনন্য শিক্ষণীয় ও খেলাধুলার জায়গা গ্লাজার মিউজিয়াম। বাচ্চাদের জন্য প্রবেশমূল্য ১০ ডলার ও বয়স্কদের ১৫ ডলার। পুরো তিন ঘণ্টা বাচ্চারা ‍উপভোগ করে মিউজিয়ামটি। বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। মিউজিয়াম থেকে বেরিয়ে খানিক ঘোরাঘুরি করে চলে যাই ৩০ মাইল দূরে ফ্লোরিডার জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লিয়ারওয়াটারে। পুরো ফ্লোরিডায় সমুদ্রসৈকতের সংখ্যা কমবেশি এক শ। তবে ক্লিয়ারওয়াটার অসম্ভব সুন্দর। সন্ধ্যা ৭টায় যখন ক্লিয়ারওয়াটার সৈকতে পৌঁছাই তখন সেখানে কম করে হলেও ১০ হাজার পর্যটক ছিল। গাড়ি পার্ক করতে হয়েছে অনেক কষ্টে। মানুষের ভিড়ে সে দিনের সন্ধ্যায় সৈকত তেমন ভালো লাগে‍নি। আমার স্ত্রী মাহ্‌ফুজার মন খারাপ। তিনি প্রথমে এসেছেন ক্লিয়ারওয়াটারে অথচ সৈকতকে দেখে খুব নোংরা মনে হয়েছে। আমি বাচ্চাদের নিয়ে পানিতে নেমে ঘণ্টাখানেক খেলা করলাম। নানা খেলাধুলা ও সামারের বিভিন্ন প্রতিযোগিতা ছিল সৈকতজুড়ে। ক্লিয়ারওয়াটারে কাঠের সেতু বানিয়ে সেখানে প্রায় ৫০টি ছোটবড় দোকানের পসরা সাজানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা নানা জিনিসপত্র কেনাকাটা করছে। রাত ১০টা পর্যন্ত সেতুর মধ্যে হাঁটলাম, বাজার করলাম। কাঠের সেতুটি এমনভাবে তৈরি যে পুরোটা সাগরের মাঝখানে নিয়ে গেছে। গভীর রাতেও খুব সুন্দর উপভোগ করি। চলে স্ট্রিট সার্কাস ও ম্যাজিক শো। রাত সাড়ে ১০টায় ক্লিয়ারওয়াটার দেখে রুমে চলে আসি।

৭ জুলাই সকালে উঠতে উঠতে সবার ১০–১১টা বেজে যায়। তারপর কোথায় যাব তা ঠিক করতে করতে সময় চলে যায়।  বেলা ১টায় বের হয়ে চলে যাই টেম্পা তথা ফ্লোরিডার অন্যতম একটি জায়গা, টেম্পা অ্যাকুরিয়ামে, যা ডাউন-টাউন টেম্পায়। টিকিটের দাম ২৬ ডলার, ওরলান্ডো ফান টিকিট অনলাইনে সস্তায় ২০ ডলার করে পেয়ে যাই। দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিলাম ফ্লোরিডা অ্যাকুরিয়ামে। অসম্ভব সুন্দর অ্যাকুরিয়াম যেকোনো বয়সের মানুষের ভালো লাগবে। সমুদ্রের হাঙরসহ সামুদ্রিক যত ধরনের মাছ আছে সব দৃশ্যমান। বাচ্চাদের জন্য অসম্ভব শিক্ষণীয়, অ্যাকুরিয়ামের ভেতর চাইলে সাঁতার কাটা যায় হাঙরের সঙ্গে। কয়েক শ প্রজাতির সামুদ্রিক মাছ অ্যাকুরিয়ামে। হাঙর ছাড়াও অ্যাকুরিয়ামটি বাচ্চাদের জন্য শিক্ষণীয়। পুরো তিন ঘণ্টা আমার চার সন্তান ফ্লোরিডা অ্যাকুরিয়ামটি উপভোগ করে। বড় বড় অ্যাকুরিয়ামের মধ্যে সামুদ্রিক মাছ খেলা করছিল। এমন সব

সামুদ্রিক মাছ দেখলাম যা আগে কখনো দেখিনি বা শুধু নামে জানতাম। বিকেল ৫টায় ফ্লোরিডা অ্যাকুরিয়াম বন্ধ হয়ে যায়। অ্যাকুরিয়াম থেকে বের হয়ে আমরা কোথায় যাব ভাবছিলাম।

দুপুরের আগেই আমরা সেইলপোর্ট রিসোর্ট থেকে চেক আউট করে ফেলি। অ্যাকুরিয়াম থেকে বের হয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল নেপলস। কিন্তু সেখানে যেতে তিন ঘণ্টা ড্রাইভ করতে হবে। তাই নেপলস না গিয়ে এক ঘণ্টার ড্রাইভে ট্রেজার আইল্যান্ডে চলে যাই। ফ্লোরিডার আরেকটি সুন্দর সমুদ্রসৈকত ট্রেজার আইল্যান্ড। সন্ধ্যা ৭টায় সেন্ট পিট ট্রেজার আইল্যান্ডে পৌঁছাই। হোটেল ডটকম-এ হোটেলের জন্য কল দিলে তারা কোথাও একটি রুম ঠিক করে দিতে পারল না। শেষে হেঁটে হেঁটে বিভিন্ন হোটেলে ও রিসোর্টে রুম খুঁজতে থাকি। গ্রীষ্মকালীন ছুটি থাকায় সব হোটেল পূর্ণ। অনেক পরে একটি রিসোর্টে মাত্র দুটো রুম ছিল, শেষে একটি রুম পেয়ে যাই, যা ছিল বিচফ্রন্ট এলডেন স্যুইট। অসাধারণ রিসোর্ট। পুরোটাই সৈকতঘেঁষা। আমার বাচ্চারা যেন রিসোর্টটি পেয়ে পাগল হয়ে গেল। তিনটি পুল ও সৈকতঘেঁষা হোটেল হওয়ায় ৬০০ স্কয়ার ফুটের রুমটি ছিল দারুণ। রাত ৮টায় বাচ্চারা সবাই ছুটে গেল সৈকতে। ঘণ্টাখানেক বাচ্চারা খেলাধুলা করে, তারপর রিসোর্টের পুলে আরও দুই ঘণ্টা চলে আনন্দ মাতন। শুক্রবার অনেক রাত পর্যন্ত এ রকম চলে।

৮ জুলাই লেট চেক আউট করে রুম ছেড়ে দিয়ে আমরা সৈকতে চলে যাই। আগের রাতে যে সৈকত দেখেছিলাম, দিনের বেলা তা ছিল অসাধারণ। হোটেলের পেছনে পর্যটকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা ছাড়াও অসম্ভব পরিছন্ন সৈকত। হাজার হাজার পর্যটকের পদচারণে মুখর পুরো সৈকত। প্রতিটি হোটেলের পেছনে সৈকতে যাওয়ার পথ থাকায় সাধারণের প্রবেশ সীমিত। তিন ঘণ্টা বাচ্চারা সেখানে খেলাধুলা করে। আমরা চারজন সেখানে বেশ উপভোগ করি। সেন্ট পিটের এই সৈকতে পানি সমতল থাকায় বাচ্চাদের জন্য নিরাপদ। ঢেউগুলো মৃদু থাকায় পায়ে হেঁটে সাগরে অনেক দূর যাওয়া যায়, ঢেউয়ের উত্তাল নাচন নেই। যেকোনো বয়সী বাচ্চাদের জন্য সেন্ট পিট ট্রেজার আইল্যান্ড নিরাপদ। তিন ঘণ্টা সৈকতে বাচ্চাদের খেলাধুলার পর ৪টার দিকে রিসোর্টের পুলে আরেক দফা খেলাধুলা শেষ করে বাসার উদ্দেশে যাত্রা। সাগরকে বিদায় জানিয়ে দিয়ে আমরা চলি সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমির উদ্দেশে। ১০০ মাইল দূরত্বে বাসা, আমার স্ত্রী বলে এত তাড়াতাড়ি না ফিরে চলো অন্য কোথাও যাই। পথে আবার স্ত্রীর মন রক্ষার্থে একটি লেকের পাড়ে আসি। সেখানে আরও ঘণ্টাখানেক চলে লেকের নয়নাভিরাম দৃশ্য অবলোকন। বিকেল সাড়ে ৫টায় আবার গাড়ি চলে কিসিমির উদ্দেশে, পথে আবার যাত্রাবিরতি টেম্বার অন্যতম একটি মসজিদে, যে মসজিদে হিফজ পড়ানো হয়। বিখ্যাত এই মসজিদে বাচ্চাদের হিফজ পড়ানোর জন্য সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমি ও ওরলান্ডো থেকে অনেকে বসতি গড়ছেন। অসম্ভব সুখ্যাতি রয়েছে, আমার স্ত্রী নাম শুনেছেন, দেখেননি কখনো; তাই দেখতে চাইল। সেখানে যাত্রাবিরতি করি আমরা। নামাজ আদায় করি। ঘণ্টাখানেক থাকার পর আবার যাত্রা শুরু। মাত্র ৩০০ মাইল ড্রাইভ করে তিন রাত চার দিনের গ্রীষ্মকালীন সামার ভ্যাকেশন ছুটি হয়ে উঠেছিল অসম্ভব উপভোগ্য। এবারের ভ্রমণ ছিল শিক্ষণীয়। টেম্পায় যে কয়েকটি অসাধারণ জিনিস দেখার, তার প্রায় সব কটির মধ্যে বাচ্চাদের জাদুঘর, অ্যাকুরিয়াম, ক্লিয়ারওয়াটার সৈকত ও ট্রেজার আইল্যান্ড সেতু দেখা হলো। যদিও বুশ গার্ডেন, টেম্পা জু ও আইল্যান্ড অব অ্যাডভেঞ্চার জনপ্রিয় হলেও আমার সন্তানদের বয়স অনুযায়ী ও আবহাওয়ার বিচারে আমরা এসব এড়িয়ে যাই। আমার মেয়ে ওয়াদিয়া, ছেলে ওয়াসি ও ওয়াফিক অসম্ভব খুশি। আমিও মিশিগানের মতো ঝামেলার ভ্রমণ থেকে রক্ষা পেলাম। ফ্লোরিডার টেম্পা যে কতটা সুন্দর তা কেউ না দেখলে বিশ্বাস করবে না। যে কেউ যেকোনো অঙ্গরাজ্য থেকে টেম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যেকোনো হোটেলে উঠে ঘুরে দেখতে পারেন টেম্পার পর্যটন এলাকাগুলো।