টেলিফোনে প্রতারণা থেকে সাবধান
বেশ কয়েক বছর ঝিমিয়ে থাকার পর প্রতারকেরা আবার সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্নভাবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের টেলিফোনে ভুয়া কাহিনি বলে ভয়ভীতি, প্রলোভন দেখিয়ে গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। এই প্রতারকদের প্রধান লক্ষ্য নতুন অভিবাসী, বিশেষ করে এশীয় ও হিস্পানিকেরা।
এসব প্রতারক কোনোভাবে ফোন নম্বর সংগ্রহ করে ফোন করছে। কল করে কাউকে ক্রেডিট কার্ডে ক্রেডিট লিমিট দ্বিগুণ করার প্রস্তাব দিচ্ছে। কেউ পাচ্ছেন বাড়ি মর্টগেজ রাখলে কত কিছু মিলবে সে বিষয়ে লোভনীয় প্রস্তাব। কাউকে বলছে, গ্রেপ্তারি পরোয়ানার হুমকির কথা। এসব বলার একটাই উদ্দেশ্য ওই ব্যক্তির সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্মতারিখ, মায়ের মধ্য নাম ইত্যাদি গোপন তথ্য হাতিয়ে নেওয়া। আর কারও এসব তথ্য হাতাতে পারলেই অন্য গোপন তথ্যও চলে আসে তাদের নাগালে। এসব তথ্য ব্যবহার করে প্রতারিত ব্যক্তির নামে ক্রেডিট কার্ড বানানো থেকে শুরু করে ক্রেডিট থেকে ডলার উত্তোলন করে এই চক্রের সদস্যরা। এমনকি ভুয়া নাম ব্যবহার করে ঋণও নিতে পারে।
দেশের বাইরে থেকে এসব কল আসছে। কিন্তু প্রযুক্তির কল্যাণে তা অনেক সময় লোকাল কল হিসেবে দেখা যায়। সে জন্য এ ধরনের ফোন কলের কোনো গুরুত্ব না দিয়ে সঙ্গে সঙ্গে সংযোগ কেটে দেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞজনেরা। তাঁরা বলছেন, এসব ফোন কল এলে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কয়েক বছর আগে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। অনেকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিলে প্রতারণা কমে আসে। কিছুদিন এই উপদ্রব বন্ধ থাকার পর বর্তমানে বহু নতুন অভিবাসী আসায় প্রতারকেরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।
গত সপ্তাহে এক প্রবাসী বাংলাদেশির কাছেও এ ধরনের একটি ভুয়া ফোন কল আসে। তিনি ফোন না ধরায় ভয়েস মেসেজ আসে। তাতে বলা হয়, আইআরএস কর্তৃক আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাই অবিলম্বে উল্লিখিত নম্বরে ফোন করতে বলা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এসব প্রতারকদের কাণ্ড। তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়। বলা বাহুল্য, অনেক সময় অভিবাসন বিষয়ে সাহায্যের কিংবা লটারিতে জিতেছেন ইত্যাদি খবর জানাতে পারে প্রতারকেরা। তাদের সঙ্গে কথা না বলাই বাঞ্ছনীয়।
এই প্রতারকেরা আপনাদের যে কাউকে অহেতুক সমস্যায় ফেলতে পারে। প্রতারকেরা ডাকযোগেও চিঠি পাঠাতে পারে। চিঠিগুলো যাচাই-বাছাই করেই উত্তর দিতে হবে। অথবা নিকটস্থ কোনো অভিজ্ঞ বন্ধুর পরামর্শ নিতে পারেন। যেকোনো সমস্যা আইনিভাবে মোকাবিলা করাই ভালো।