টোল প্রদানে ই-জি পাসের ভূমিকা ইতিবাচক
নিউইয়র্ক নগরীর বিভিন্ন সড়ক, সুড়ঙ্গপথ (টানেল) ও সেতু অতিক্রমকালে নগদ টোল প্রদানে ই-জি পাস পদ্ধতি ইতিবাচক ভূমিকা রাখছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
২৬ জানুয়ারি নিউইয়র্ক নগরীর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ) ই-জি পাস পদ্ধতি–সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ই-জি পাসের ফলে ভ্রমণে সময় বাঁচে। তেল খরচ কমে। চালক তার গাড়ির গতি সামান্য কমিয়ে কেবল টোল চত্বর অতিক্রম করলেই তার পথশুল্ক স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়। অলসভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে হয় না বলে কার্বন ডাই-অক্সাইড কম নির্গত হয়, যা পরিবেশকে অপেক্ষাকৃত নির্মল রাখতে সাহায্য করে। আর নগদ অর্থে টোল বা পথশুল্ক বাবদ ব্যয়ের তুলনায় এ পদ্ধতিতে ব্যয় কম হয়।
নিউইয়র্ক নগরের দু-একটি ব্যতিক্রম বাদে অধিকাংশ সড়ক, সুড়ঙ্গপথ ও সেতু অতিক্রমের সময় আগে নগদ অর্থে পথশুল্কের পরিমাণ ছিল সাড়ে আট ডলার। ই-জি পাসে পরিশোধের ক্ষেত্রে এই পথশুল্কের হার ৫ দশমিক ৭৬ ডলার। এতে প্রতিবার অতিক্রমের সময় পথশুল্ক বাবদ উল্লেখযোগ্য পরিমাণে সাশ্রয় হচ্ছে গাড়ির মালিকদের।
ই-জি পাস ব্যবস্থার প্রশংসা করে এমটিএর চেয়ারম্যান জোসেফ লোহটা বলেন, ই-জি পাস পদ্ধতির প্রাথমিক ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক।
উল্লেখ্য, নিউইয়র্ক নগরীতে আগে সড়ক, সুড়ঙ্গপথ ও সেতু অতিক্রমের সময় নগদ অর্থে পথশুল্ক পরিশোধের নিয়ম ছিল। বর্তমানে টোলপ্লাজায় অতি সংবেদনশীল ক্যামেরা ও স্বয়ংক্রিয় যন্ত্র সংযোজন করে ই-জি পাসের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ির বিপরীতে পথশুল্ক কেটে নেয়।