ট্যাক্স রিটার্ন শুরু ২৯ জানুয়ারি
২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০১৭ ট্যাক্স বছরের আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন। ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আয়কর দপ্তর আইআরএসএ এক বিজ্ঞপ্তিতে এ তারিখ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো জরিমানা ছাড়াই ব্যক্তিপর্যায়ে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে। সাধারণত আয়কর জমা দেওয়ার ২১ দিনের মধ্যেই চাইল্ড ক্রেডিটসহ অন্যান্য ফেরতযোগ্য টাকা পেয়ে যান জমাদানকারীরা। সেই হিসেবে যাঁরা শুরুর দিকে আয়কর রিটার্ন জমা দেবেন, তাঁরা ফেব্রুয়ারির শেষের দিকে আয়করের টাকা ফেরত
পেতে শুরু করবেন। আইআরএসএ আশা করছে, এবার অন্তত ১৫ কোটি ৫০ লাখ মানুষ ব্যক্তিপর্যায়ে আয়কর রিটার্ন জমা দেবেন। এটি করতে ইলেকট্রনিক উপায় অর্থাৎ কম্পিউটারে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রতি পাঁচজনের অন্তত চারজন আয়কর দাতা স্বনির্ধারণী পদ্ধতি ব্যবহার করবেন।
১৭ এপ্রিলের মধ্যে কেউ ট্যাক্স রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আবেদনের মাধ্যমে ছয় মাসের বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক বা পেপার মাধ্যমে করা যাবে। অবশ্য নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা দিয়ে সারা বছরই আয়কর ফাইল করার সুযোগ থাকে।
আইআরএস জানিয়েছে, সাধারণত আয়কর জমা দেওয়ার মৌসুম শেষ হয় ১৫ এপ্রিল। কিন্তু এ বছর ১৫ এপ্রিল রোববার এবং পরদিন ১৬ এপ্রিল সোমবার ইমানসিপেশন বা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া দিবস উপলক্ষে ছুটির দিন থাকায় ১৭ এপ্রিল আয়কর দাখিলের মৌসুমের শেষ দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ বাড়তি দুদিন সময় পাবেন রিটার্ন দাখিলকারীরা। ট্রাম্পের ট্যাক্স কাট পরিকল্পনার বাস্তবায়ন আগামী বছর বাস্তবায়ন করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট আয়কর জমার মৌসুমে কার্যকর হবে না। ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট কার্যকর হবে ২০১৮ সালের ট্যাক্স বছরের অর্থাৎ ২০১৯ সালে আয়কর রিটার্ন দাখিলের সময়।
এবার আর্নড ইনকাম ক্রেডিট দেওয়ার সীমা বাড়ানো হয়েছে। এ বছর অর্থাৎ ২০১৭ আয়কর বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩ হাজার ৪০০ ডলার। ২০১৬ আয়কর বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩ হাজার ৩৭৩ ডলার। চলতি বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫ হাজার ৬১৬ ডলার। ২০১৬ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫ হাজার ৫৭২ ডলার। এ বছর তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬ হাজার ৩১৮ ডলার। আর ২০১৬ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬ হাজার ২৬৯ ডলার। ২০১৭ আয়কর বছরে চাইল্ড আয়কর ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ এক হাজার ডলার করা হয়েছে, যা আগামী বছর বৃদ্ধি পেয়ে হবে দুই হাজার ডলার। ২০১৭ আয়কর বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট হবে দুই হাজার ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট হবে তিন হাজার ডলার এবং আগামী আয়কর বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান করা হবে দুই হাজার ডলার করে।
এ আয়কর বছরেও স্বাস্থ্যবিমা না থাকলে অর্থদণ্ড গুনতে হবে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট অনুযায়ী স্বাস্থ্যবিমা ছিল কি না, আইআরএসকে সে বিষয়ে প্রতিবেদন করতে হবে। যদি কোনো আয়কর দাতার ২০১৭ সালের স্বাস্থ্যবিমা না থাকে, তাঁকে অর্থদণ্ড দিতে হবে। অবশ্য যাঁদের মেডিকেয়ার আছে তাঁদের জরিমানা কিংবা অর্থদণ্ড দিতে হবে না। ২০১৭ সালে যাঁদের স্বাস্থ্যবিমা ছিল না, তাঁদের পাইলিং ট্রাশহোলের ওপর ভিত্তি করে ২ দশমিক ৫ শতাংশ করে অর্থদণ্ড দিতে হবে। সে ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের প্রতিজনে কমপক্ষে ৬৯৫ ডলার এবং প্রতি শিশুর জন্য ৩৪৭ দশমিক ৫০ ডলার করে অর্থদণ্ড দিতে হবে। তবে আগামী বছর থেকে স্বাস্থ্যবিমার জন্য অর্থদণ্ড প্রথা থাকবে না।
আয়কর জমার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য দেওয়া সবার কর্তব্য। অধিক অর্থপ্রাপ্তির প্রত্যাশায় লোভের বশবর্তী হয়ে আয়কর দাখিলের সময় ভুল তথ্য পরিবেশন করা কোনোভাবেই উচিত নয়। আয়কর ব্যবস্থায় তথ্য গোপন করার কোনো সুযোগও নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কি না, সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ নিরীক্ষার ব্যবস্থা। ভুল তথ্য পরিবেশনের বিষয়টি নিরীক্ষায় ধরা পড়লে অভিযুক্তকে চরম মূল্য দিতে হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ ফেরত, সুদ, জরিমানাসহ ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ।