ট্রাফিক সমস্যা সমাধানে মেয়রের ৫ দফা

প্রবাসী কেউ বাংলাদেশ থেকে ঘুরে এলে একটা কমন প্রশ্ন থাকে ভাই যানজটের কী অবস্থা? অনেক দিন যাবৎ উত্তরটা কিন্তু প্রায় একই। যদিও গত বছর দেশে গিয়ে আমার কিছুটা হলেও ভিন্ন এবং পজিটিভ অভিজ্ঞতা হয়েছে। উত্তরা থেকে রেকর্ড কম সময়ের মধ্যেই উড়াল সড়কের কল্যাণে চলে গেলাম মিরপুরে ‘বেনারসি পল্লি’তে। আবার ঢাকা থেকে ময়মনসিংহ যাব। ছোট ভাইয়ের গাড়িটা রাতে এসে আমার আবাসস্থলের সামনে দাঁড়িয়ে থাকল। ড্রাইভার বলল, ‘স্যার খুব ভোরে রওনা দিতে না পারলে ট্রাফিক জ্যামে আটকে যেতে হবে, ময়মনসিংহ যেতে অনেক সময় লাগবে।’
আমরা সকাল ৬টায় বেরিয়ে পড়লাম। তার পরও গাজীপুর চৌরাস্তা পেরুতে লাগল ২ ঘণ্টা আর সেখান থেকে ময়মনসিংহ পৌঁছাতে লাগল মাত্র দেড় ঘণ্টা। তবে দেশে এই সমস্যা নিরসনে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই সেটা মানতেই হবে।
যা হোক নির্ঘুম নিউইয়র্ক লিখতে বসে শুধু প্রসঙ্গক্রমে বাংলাদেশের কথা বললাম। আসা যাক নিউইয়র্কের কথায়। আমার মনে নেই সর্বশেষ কবে আমি ম্যানহাটনে গাড়ি নিয়ে গিয়েছিলাম, কারণটা এক—পার্কিং পাওয়া প্রায় অসাধ্য, দুই—ম্যানহাটনে গাড়ি চলে শম্বুক গতিতে। বর্তমানে ম্যানহাটনে ঘণ্টায় গাড়ির গতি হলো ৪.৭ মাইল (ঢাকাবাসীরা শুনে শান্তি পেতে পারেন)। ১০ বছর আগে এই গতি ছিল প্রতি ঘণ্টায় ৬.৫ মাইল। বর্তমান মেয়র এই গতি কিছুটা হলেও বাড়াতে চান। তাই তিনি ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।। যা বাস্তবায়িত হলে ম্যানহাটনে গাড়ির গতি হবে ৫.২ মাইল প্রতি ঘণ্টায়।
মেয়রের পাঁচ দফা কর্মসূচিতে যা আছে তা হলো—
১. ক্লিয়ার লেন বা রাস্তা পরিষ্কার—মিডটাউন ম্যানহাটনে যাতে দ্রুত যানবাহন চলতে পারে তার ব্যবস্থা করা হবে। এ উদ্দেশ্যে আরও ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে যাদের দায়িত্ব হবে ডবল পার্কিং, অথবা যে কোনো পার্কিং নীতি ভঙ্গকারীকে জরিমানা করে দ্রুত যান চলাচল নিশ্চিত করা যায়।
২. ক্লিয়ার কার্ব বা ফুটপাত পরিষ্কার—সকালে এবং বিকেলে নির্দিষ্ট সময়ে ম্যানহাটনসহ কুইন্স এবং ব্রুকলিনের কিছু এলাকায় ফুটপাথ ব্যবহার করে মালপত্র ডেলিভারি করা যাবে না।
৩. ক্লিয়ার ইন্টারসেকশন—ম্যানহাটনের ৩০টি স্থানে এবং কুইন্স এবং ব্রুকলিনের কিছু নির্দিষ্ট স্থান রাস্তায় ইন্টারসেকশনে গাড়ি একেবারেই দাঁড়তে দেওয়া হবে না। এ জন্য এই সব এলাকায় বিশেষ ট্রাফিক এজেন্ট নিয়োগ দেওয়া হবে যারা এটা নিশ্চিত করবে।
৪. ক্লিয়ার জোন—কোনো কোনো এলাকায় ট্রাফিক চলাচলের পদ্ধতি পরিবর্তন করা হবে। নতুন ট্রাফিক সিগনাল লাগানো হবে। সাইড ওয়াক প্রশস্ত করা হবে।
৫. ক্লিয়ার হাইওয়ে—কোনো কোনো হাই ওয়েতে সব সময়ই ট্রাফিক জ্যাম থাকে। বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা হবে।
গভর্নর কোমো ম্যানহাটনের কিছু এলাকায় গাড়ি ঢোকার ওপর টোল আরোপ করতে চান যাতে মানুষ গাড়ির পরিবর্তে গণ-পরিবহন ব্যবহার করে। লন্ডনে এই ব্যবস্থা করে যান জট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে নিউইয়র্কের মেয়র এর বিরোধী। তিনি মনে করে এই ব্যবস্থায় মানুষকে বেশি পয়সা খরচ করতে হবে। সাধারণ মানুষের জীবনে চাপ পড়বে। তার চেয়ে তিনি চান ধনীদের ওপর সামান্য কর আরোপ করে যে রাজস্ব আদায় হবে তা দিয়ে সাবওয়ে সিস্টেমের উন্নতি সাধন করা।
দ্রুত বাস চলাচলের রাস্তা—বর্তমানে সিটির বাসসমূহ অত্যন্ত ধীর গতিতে চলে। তার একটা কারণ হলো বাস লেন গুলিকে অন্য যানবাহনের সঙ্গে ভাগাভাগি করে চলতে হয়। তাই বাস চলাচল দ্রুত করতে কিছু কিছু লেনকে শুধু বাসের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অন্য যানবাহন যাতে বাস লেনে ঢুকতে না পারে সে জন্য বাস লেনে ক্যামেরা বসানো হয়েছে এবং লেনগুলিকে ভিন্ন (লাল) রঙে রাঙানো হয়েছে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা ৫ বোরোতেই সম্প্রসারণের ব্যবস্থা করা হচ্ছে।
অবসরে যাচ্ছে সাবওয়ের মেট্রো কার্ড:
মেট্রো-কার্ড এর পরিবর্তে আধুনিক পদ্ধতি আসছে একশত বছরের বেশি বয়সী সাবওয়েতে (সাবওয়ের জন্ম ১৯০৪ সালে) সাবওয়েতে টিকিট হিসাবে প্রথমে ছিল ছোট্ট কাগজের টিকিট, তারপর এল নিকেল, এরপর ডাইম এবং সব শেষে এলো টোকেন। এই টোকেন এর পাশাপাশি প্লাস্টিকের মেট্রো-কার্ড চালু হলো ১৯৯০ সালে, এরপরও বেশ কিছুদিন এই টোকেন টিকে থাকল এবং ব্যবহার হতো প্লাস্টিকের মেট্রো-কার্ডের পাশাপাশি।
বর্তমান যুগের সঙ্গে মেট্রো-কার্ড হয়ে পড়েছে সেকেলে। তাই নিউইয়র্কের প্রতিদিনরে প্রতীক এই মেট্রো-কার্ডে পরিবর্তন অনস্বীকার্য। অচিরেই মেট্রো-কার্ডের জায়গা নেবে সেলফোন অথবা ক্রেডিট কার্ড যা এই সময়ে লন্ডনের পাতাল রেল সহ কমিউটার ট্রেনে ব্যবহার হচ্ছে। আগামী বছররে মধ্যেই এই পরিবর্তন দেখা যাবে। পর্যায়ক্রমে ২০২০ সালরে মধ্য এই পরিবর্তন শেষ করা হবে। তবে যাদের কোনো ফোন বা ক্রেডিট কার্ড নেই তাদের জন্য বর্তমান মেট্রো-কার্ড তখনো পাওয়া যাবে।