
বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওবামা বলেছেন, ট্রাম্প ‘প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য’। জবাবে ট্রাম্প ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘নিকৃষ্টতম’ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। দুজনের এই বাদানুবাদের মধ্যে আরেক খবর, রিপাবলিকান শিবিরে দ্বন্দ্ব বাড়ছে।
প্রেসিডেন্ট ওবামা গত মঙ্গলবার হোয়াইট হাউসে সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েংলুংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’। এই দায়িত্ব পালনের জন্য যে ‘নীতিবোধ ও সাধারণ বিচার-বিবেচনা’ থাকা দরকার, ট্রাম্পের তা নেই। ওবামা বলেন, তিনি যদি সত্যি সত্যি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে ‘মৌলিক সৌজন্যবোধ’ মেনে চলবেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।
প্রেসিডেন্ট ওবামা বলেন, রিপাবলিকান নেতাদের উচিত ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থন প্রত্যাখ্যান করা। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সঙ্গে তাঁদের মতপার্থক্য চিহ্নিত করে বিভিন্ন রিপাবলিকান নেতা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। ওবামা প্রশ্ন করেন, ট্রাম্পের বক্তব্য যদি তাঁরা সমর্থনযোগ্য নয় বলে মনে করেন, তাহলে এই প্রার্থীকে তাঁরা এখনো কেন সমর্থন দিয়ে যাচ্ছেন? তিনি প্রশ্ন করেন, ‘এমন লোক যদি আপনাদের দলের নেতা হন, তাহলে এই দল সম্বন্ধে আমরা কী ভাবব?’
ট্রাম্পের ব্যাপারে ওবামার অসন্তোষ কোনো গোপন ব্যাপার নয়। গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে তিনি কঠোর ভাষায় ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তা সত্ত্বেও বিদেশি সরকারপ্রধানের সামনে এবং হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিরোধী কোনো রাজনীতিকের ব্যাপারে তাঁর এমন খোলামেলা সমালোচনা বিস্ময়ের সৃষ্টি করেছে। মার্কিন ইতিহাস বিশেষজ্ঞ ডগলাস ব্রিংকলি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, ওবামার এই সমালোচনার একমাত্র তুলনা মেলে ১৯৫৩ সালে আইজেনহাওয়ারকে নিয়ে প্রেসিডেন্ট ট্রুম্যানের মন্তব্যের সঙ্গে। সে সময় ট্রুম্যান রাজনীতি বিষয়ে আইজেনহাওয়ারের জ্ঞান ‘শুয়োরের চেয়ে বেশি নয়’ বলে মন্তব্য করেছিলেন।
প্রেসিডেন্ট ওবামার সমালোচনার জবাবে এক তাৎক্ষণিক টুইটার বার্তায় ট্রাম্প ওবামাকে আমেরিকার ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন। পরে এক লিখিত বিবৃতিতে তিনি হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ও মিথ্যাবাদী হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প দাবি করেন, হিলারির জন্য লিবিয়ার বেনগাজিতে মার্কিন নাগরিকদের হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, ওবামা ও হিলারির অযোগ্যতার কারণেই সাবেক সেনাসদস্যরা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছেন। মুসলিম সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে উৎসাহিত করার ব্যাপারেও তিনি ওবামা ও হিলারিকে অভিযুক্ত করেন।
ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাহারে রিপাবলিকান নেতাদের প্রতি ওবামার আহ্বানের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকজন রিপাবলিকান রাজনীতিক ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থন প্রত্যাখ্যান করে নিয়েছেন। এঁদের অন্যতম হলেন হিউলেট প্যাকার্ড কোম্পানির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। দলের অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী হিসেবে পরিচিত হুইটম্যান বলেছেন, তিনি ট্রাম্পকে নয়, হিলারিকে ভোট দেবেন। শুধু তা-ই নয়, হিলারির পক্ষে তহবিল সংগ্রহেও তিনি হাত লাগাবেন। জানা গেছে, হিলারি ক্লিনটন কয়েক সপ্তাহ আগে নিজে হুইটম্যানের সঙ্গে যোগাযোগ করে তাঁর সমর্থন চেয়েছিলেন।
নভেম্বরের নির্বাচনে হিলারিকে সমর্থন করবেন এমন রিপাবলিকান নেতাদের তালিকায় আরও যুক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য রিচার্ড হ্যানা। তিনি সিরাকিউজের একটি দৈনিকে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে লিখেছেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে তা হবে এক লজ্জার ব্যাপার। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের অন্যতম উপদেষ্টা স্যালি ব্রাডশ বলেছেন, তিনিও ট্রাম্পকে ভোট দেবেন না, তবে হিলারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত তিনি এখনো গ্রহণ করেননি।