ট্রাম্প অর্থনীতি পুনরুদ্ধার করেছেন, দাবি ইভানকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারি থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার করেছেন বলে দাবি করেছেন ট্রাম্পের বড় মেয়ে ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ইভানকা ট্রাম্প।

১৯ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড রেপিডের শহরতলিতে আয়োজিত এক নির্বাচনী সভায় ইভানকা ট্রাম্প এ কথা বলেন।

ইভানকা বলেন, গত সাড়ে তিন বছরে দেশে যে যুগান্তকারী কাজ হয়েছে এতে অর্থনীতির ভিত্তি আরও মজবুত হয়েছে। করোনা মহামারি থেকে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত প্রত্যাবর্তনও দেখতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতিমালা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ওয়ার্কারদের অনেক উপকার করেছে।

ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে আরও বলেন, সেপ্টেম্বরে ছয় লাখ ৬০ হাজার নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে অনেকেই কাজে ফিরে এসেছেন।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ইভানকা ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

ইভানকা তাঁর বাবার নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ জো বাইডেনের কড়া সমালোচনা না করলেও তিনি বলেছেন, জো বাইডেনের নীতি আমেরিকার অর্থনীতির ক্ষতি করবে।

ইভানকা আরও বলেন, ট্রাম্প প্রশাসন আশা করছে, ২০২০ সালের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা যাবে। তবে কীভাবে বাঁচতে হবে তা আমাদের জানতে হবে। নিরাপদে থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে এবং একে অপরকে রক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে যে ছয়টি রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশিগান তার অন্যতম। মিশিগানে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, কমলা হ্যারিস, ট্রাম্প জুনিয়র ও বার্নি স্যান্ডার্স।

মিশিগান ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি। টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত ছিল। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।