ট্রাম্প আজই অব্যাহতি পেতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সারা সপ্তাহ ডেমোক্র্যাটরা একজন চতুর্থ রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাঁদের পক্ষে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে সাক্ষ্য দিতে সমন পাঠানো যেত। তিনজনের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও চতুর্থজন তাঁদের অধরাই রয়ে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো সওয়াল-জবাবের পর চিত্রটি সেই রকমই মনে হচ্ছে। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার স্বীকার করেছেন, নতুন সাক্ষী বা তথ্যপ্রমাণ দাবি করে প্রস্তাবের জন্য ৫১টি ভোট তাঁদের নেই। মিট রমনি, সুসান কলিন্স এবং লিসা মুরকাউস্কি ছাড়াও টেনেসি থেকে নির্বাচিত সিনেটর লামার আলেকজান্ডার হয়তো এই প্রস্তাবে সমর্থন জানাবেন, এমন একটি ধারণা তাঁদের ছিল। কিন্তু বৃহস্পতিবার লামার আলেকজান্ডার ঘোষণা করেন, প্রাথমিক শুনানি ও সওয়াল-জবাবের পর অতিরিক্ত সাক্ষী বা নথিপত্রের কোনো প্রয়োজন তিনি দেখেন না।

আলেকজান্ডারের এ কথার অর্থ, আজ শুক্রবার দুপুরে উভয় পক্ষের সমাপনী বক্তব্যের পর সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সন্ধ্যায় অতিরিক্ত সাক্ষী প্রশ্নে ভোট আহ্বান করবেন। সে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে একটি চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করতে পারেন। সে প্রস্তাব গৃহীত হলে সেদিনই ট্রাম্প নিজেকে দায়মুক্ত ঘোষণা করতে সক্ষম হবেন।

ট্রাম্প যে ক্ষমতা থেকে অপসারিত হবেন না, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। ডেমোক্র্যাটরা আশা করেছিলেন, তাঁদের উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অন্ততপক্ষে চারজন রিপাবলিকান সিনেটর তাঁদের সঙ্গে হাত মেলাবেন। জন বোল্টন বা ট্রাম্পের চিফ অব স্টাফ মিক মুলভানির মতো লোককে সাক্ষ্য দিতে হাজির করা গেলে আরও অনেক গোপন ও ক্ষতিকর তথ্য উন্মোচিত হতো। সে কথা সত্য প্রমাণিত হওয়ার বদলে অবস্থা এমন হতে পারে যে উল্টো একাধিক ডেমোক্রেটিক সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যুক্ত হয়ে ট্রাম্পকে অব্যাহতি দেওয়ার পক্ষে ভোট দিতে পারেন। ট্রাম্প-প্রভাবিত অঙ্গরাজ্য থেকে নভেম্বরে পুনর্নির্বাচনের সম্মুখীন হবেন —এমন অন্তত তিনজন ডেমোক্রেটিক সিনেটর নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন বলে ভাবা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে অব্যাহতি দিয়ে রিপাবলিকান প্রস্তাব গ্রহণকে বিলম্বিত করতে সিনেটর চাক শুমার সে প্রস্তাবের সংশোধনী উত্থাপন করে ভোট দাবি করতে পারেন। এর ফলে চূড়ান্ত ভোট গ্রহণ হয়তো বিলম্বিত হবে, কিন্তু তা ঠেকানো সম্ভব হবে না। সিনেটর ম্যাককনেলের বক্তব্য উদ্ধৃত করে একজন রিপাবলিকান সিনেটর জানিয়েছেন, প্রয়োজন হলে তাঁরা চূড়ান্ত ভোটের জন্য সারা রাত সিনেটে কাটাতে প্রস্তুত।