যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ উঠছে। সব জনমত জরিপে ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের জটিল হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের পুনরাবৃত্তি দেখান কিনা, সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়। জাতীয় রাজনীতিতে বিষয়টি এখন অনেকটাই ট্রাম্প বনাম ট্রাম্পবরোধী হয়ে উঠেছে। ট্রাম্পের চার বছরের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক রিপাবলিকানও এখন বাইডেনকে সমর্থন করছেন। আবার অভিবাসীবিরোধী নানা পদক্ষেপের পরও কিছু অভিবাসী তাঁকে সমর্থন করছেন। উগ্র সাম্প্রদায়িক শ্বেতাঙ্গবাদী গোষ্ঠী তাঁকে সমর্থন করছে।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার নির্বাচন নিয়ে এ দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আগ্রহ তুলনামূলক বেশি। এ নিয়ে কথা হয় কমিউনিটির নানা শ্রেণিপেশা ও নানা বয়সী মানুষের সঙ্গে। এবার নির্বাচনে মানুষ সংকীর্ণ সাম্প্রদায়িকতা, বর্ণবৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ভোট দেবেন বলে বিশ্বাস করেন ২৫ বছর বয়সী অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ইয়ামিন আহমেদ।
নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের অধ্যাপক গোলাম মাতবর বলেন, যুক্তরাষ্ট্রে বিভাজন সৃষ্টিকারী, মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থ, করোনায় লাখো মানুষের মৃত্যু নিয়ে উপহাসকারী একজন মানুষ কখনোই আবার প্রেসিডেন্ট হতে পারেন না। ট্রাম্প ক্ষমতায় আসলে মানুষের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে পড়বে। তিনি ওবামা কেয়ার হিসেবে অ্যাফোরডেবল কেয়ার, যাকে আমরা বলি তা তুলে নেবেন। এবার ভোট দেওয়ার সময়ে মানুষ নিশ্চয়ই এসব বিষয় মাথায় রেখে ভোট দেবেন।
রাটগার্স বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও বর্তমানে রাটগার্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্রিস্টিনা রোজারিও বলেন, এই সরকারের সময়ে কাজ করতে গিয়ে রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে অযৌক্তিক অনৈতিক কাজের চাপ নিতে হচ্ছে। বর্তমান সরকার দুর্বল পররাষ্ট্রনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। সেই সম্মান পুনরুদ্ধারের জন্য বাইডেন–হ্যারিসের সরকার গঠন করা উচিত।
অ্যাটর্নি মীর মিজান। তিনি বলেন, ট্রাম্প সরকার সাদা–কালোর বিভেদ বাড়িয়ে বিশ্বের কাছে এ দেশকে নিচে নামিয়ে দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে নতুন বিচারক নিয়োগ দিয়ে বিচার বিভাগে ৬/৩ অবস্থা তৈরি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে তছনছ করে দেবে। আবার নির্বাচিত হলে ট্রাম্প পারিবারিক অভিবাসনসহ অনেক কিছু বাতিল করে দেবেন। বাইডেন-হ্যারিস ‘মেডিকেয়ার ফর অল’ (সবার জন্য স্বাস্থ্যসেবা) সমর্থন করছেন।
মীর মিজান প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘বিভাজনকারী নেতা’ বলে অভিযোগ করে বলেন, ট্রাম্প নিজে করোনা সংক্রমিত হয়ে এখন এ সম্পর্কে বক্তব্য পরিবর্তন করছেন। তবে তাঁর সরকারের হেলাফেলার কারণে দেশে দুই লাখের বেশি মানুষ মারা গেছে। তাই তাঁর ভোটের রায় ডেমোক্র্যাটদের পক্ষে যাবে বলে জানান।
ছড়াকার ও সোশ্যাল অ্যাকটিভিস্ট মনজুর কাদের অবশ্য ট্রাম্পের পক্ষে। তাঁর বিশ্বাস ট্রাম্প আবারও জিতবে। রিপাবলিকান সরকার সব সময়ই মানুষের জন্য নতুন চাকরির বাজার তৈরি করে। করোনা মহামারির প্রভাব নিয়েও তিনি সন্দিহান। তাঁর ভাষায়, ট্রাম্প সমর্থকেরা করোনা সংক্রমণে বিশ্বাস করে না। তাঁরা গোঁড়া ধার্মিক, বিজ্ঞানমনস্ক নয়। এসব কারণেই জুইশ ভোটাররা তাঁকেই আবার ভোট দেবে।
এনওয়াইপিডিতে কর্মরত সুতপা মণ্ডল ও আবৃত্তিকার গোপন সাহা নির্বাচন নিয়ে কিছুটা সতর্ক। তাঁরা বলছেন, যিনি যুক্তরাষ্ট্রের জন্য ভালো করবেন, তাঁকেই মানুষ ভোট দেবে।
গায়ক, চিত্রশিল্পী, আবৃতি শিল্পী ও সোশ্যাল অ্যাকটিভিস্ট তাজুল ইমাম বলেন, ট্রাম্প প্রেসিডেনশিয়াল ডিসেন্সির সীমা লঙ্ঘন করেছেন। তাই তাঁর পছন্দ জো বাইডেন ও কমলা হ্যারিস।
লেখক ও অধ্যাপক আশরাফ আহমেদ বলেন, ‘বর্ণবৈষম্য, ইমিগ্রেশন, জলবায়ু পরিবর্তন, অন্য ধর্মের প্রতি সহনশীলতা, উদার গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষা, বিশেষত চাইল্ড এডুকেশন ইত্যাদি বিষয়ে ডেমোক্র্যাটদের আদর্শ ও কৌশল আমি পছন্দ করি। আমি নিবন্ধিত ডেমোক্র্যাট। সুতরাং প্রেসিডেন্ট পদপ্রার্থীসহ অন্যান্য সব পদে দলীয় প্রার্থীদের ভোট দেব।’
ফারমিংডেল ইউনিভার্সিটির গ্লোবাল পলেটিকসের শিক্ষক নিনা আহমেদের রায় যাবে ট্রাম্পের পক্ষে। তিনি বলেন, ‘আমাদের ইমোশনাল হলে চলবে না। রিপাবলিকানের হাতেই যুক্তরাষ্ট্র নিরাপদ।’
রেস্তোরাঁ ব্যবসায়ী রেজাউর রহমান চৌধুরী ৩০ বছর ধরে পরিবার–পরিজন নিয়ে এ দেশে আছেন। নিজে নিবন্ধিত ডেমোক্র্যাট হলেও বলেন, রিপাবলিকানের হাতে ক্ষমতা থাকলে দেশে কোনো অর্থনৈতিক মন্দা থাকে না।
ম্যানহাটনে একটি লাইব্রেরির দায়িত্বে থাকা খসরু চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রকে আরও উন্নত দেশে পরিণত করতে হলে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ভোট দিয়ে এগিয়ে নিতে হবে।
পল খান আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের সভাপতি। তাঁর দাবি, নানা জাতির মানুষকে আইনের শাসনের মধ্যে ফিরিয়ে আনতে, কাজের বাজার তৈরি করতে ট্রাম্প সরকারকে আবারও ভোট দিতে হবে। রিপাবলিকানদের ভোট দিতে হবে।
স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা নওশিন ফারজানা (১৬) বলেন, ‘বার্নি স্যান্ডার্স যখন দলীয় প্রাইমারি শেষ করেছিলেন, সেটি ছিল আমার জন্য কষ্টকর। আমার দৃষ্টিতে ট্রাম্প বা বাইডেন কেউই আদর্শ প্রার্থী নন। তবু বিভিন্ন কারণে বাইডেনকে পছন্দ করি। ট্রাম্প বিগত ৪ বছরে যুক্তরাষ্ট্রের নানা ট্র্যাজেডি নিয়ে এসেছেন। আমি আশা ও প্রার্থনা করছি, ট্রাম্প ও পেন্স অফিসের বাইরে চলে যাবেন।
বাফেলো থেকে আসিফ বলেন, ‘কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সময় দরকার। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে তিনি যেসব উদ্যোগ নিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন। ট্রাম্প ও বাইডেনের প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে আমার মনে হয়েছে, বাইডেনের মধ্যে নেতৃত্বগুণের অভাব রয়েছে।’
ফ্লাশিংয়ে বসবাসরত অভি বলেন, ‘গত নির্বাচনে পপুলার ভোটে হিলারি জিতলেও ইলেকটোরাল ভোটে ট্রাম্প নির্বাচিত হন। এবারও ইলেকটোরাল ভোটা ট্রাম্পই পাবেন বলে মনে হয়।’
২৪ বছর বয়সী রিয়ান আরফিন বলেন, ‘দেশ যেভাবে পরিচালনা করার দরকার ছিল, গত ৪ বছর ট্রাম্প সেটি পারেনি। করোনাভাইরাসে ট্রাম্প তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাই বাইডেনকে আমি প্রেসিডেন্ট হিসেবে এগিয়ে রাখছি।’
নিউইয়র্কে বসবাসরত ইমিগ্রেশন আইনজীবী অমিত ফারহান ডেমোক্র্যাট ও প্রোগ্রেসিভ দলের সাপোর্টার। তিনি বলেন, ‘আমি উদারপন্থী প্রার্থীকে ভোট দিতে চাই। আমার ধারণা, তরুণদের ভোট দিতে আরও উৎসাহিত করা উচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজ নিয়ে তাঁর অবস্থান পরিবর্তন করেছেন। এর মধ্য দিয়ে আগামী ৩ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশটির অর্থনীতিতে তহবিল জোগাতে বড় ধরনের কিছু করবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর এই উদ্যোগ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে অনেকে ধারণা করছেন।