ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে বেপরোয়া হয়ে উঠবেন: বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে এক নির্বাচনী সভায় জো বাইডেন
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলে আরও বেপরোয়া হয়ে উঠবেন।

১২ অক্টোবর ওহাইও রাজ্যের টলেডোতে এক নির্বাচনী সভায় জো বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেন, ‘আমি কারও ব্যাংক অ্যাকাউন্টের আকার দেখে মানুষকে পরিমাপ করি না। আমি মানুষকে তাঁর চরিত্র, শক্তি, সততা ও সাহস দিয়ে পরিমাপ করি।’

টলেডো শহরের একটি পার্কিং লটে ইউনাইটেড অটো ওয়ার্কারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বাইডেন শ্রমজীবী মানুষের মূল্যবোধের প্রতিনিধিত্ব করা ও মূল্যায়ন করায় শ্রমিক ইউনিয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ২০০৮ সালে যখন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তিনি নিজে গাড়ি শিল্পকে উদ্ধার করেছিলেন।

বাইডেন আরও বলেন, ট্রাম্প করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে ভুল পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে।

ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি পার্কিং লটে ইউনাইটেড অটো ওয়ার্কারদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন জো বাইডেন
ছবি: রয়টার্স

এদিকে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বড় সিটি ডেট্রয়েট, ক্লিভল্যান্ড ও মিলওয়াকিতে ভোটের জন্য ডেমোক্র্যাটরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৬-এর পুনরাবৃত্তি তাঁরা আর দেখতে চান না। চার বছর আগে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার একটি প্রধান কারণ ছিল- কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতির হার কম। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট, ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ড ও উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকির মতো বড় বড় শহরে কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। আর এতেই রিপাবলিকানরা জয় পায়।

ট্রাম্প করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে ভুল পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে
জো বাইডেন

তবে এবার একই পরিস্থিতি হওয়ার সুযোগ কম বলে মনে করছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কারণ ডেমোক্র্যাটরা এবার এই বড় বড় শহরগুলোতে নির্বাচনী প্রচার ও জনসংযোগ অব্যাহত রেখেছেন এবং সবাই যেন ভোট দেন সে চেষ্টা করছেন।

একটি মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে তিন শহরের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখন পরিবর্তন চান

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, বাইডেন ট্রাম্পের চেয়ে এই শহরগুলোতে এগিয়ে আছেন। মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট বাইডেনের সমর্থক। তিনি বলেন, ‘২০১৬ সালে যা হয়েছে ২০২০ সালে তা হওয়ার সম্ভাবনা নেই। আমরা কৃষ্ণাঙ্গরা উপলব্ধি করতে পারি যে, এই মুহূর্তে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ভোট দিয়ে জিতিয়ে আনা প্রয়োজন। আমার বিশ্বাস শেষ পর্যন্ত তাঁরা জয়ী হবেন।

একটি মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে এই তিন শহরের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখন পরিবর্তন চান।

নাম প্রকাশ না করার শর্তে ৬৩ বছর বয়সী একজন সমাজকর্মী ট্রাম্পকে ‘ভয়ংকর’ উল্লেখ করে বলেন, জো বাইডেন একজন সংবেদনশীল মানুষ। তিনি মানুষকে বোঝার চেষ্টা করেন। এ ছাড়া এই মহামারি তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞজনের পরামর্শ নিয়ে মোকাবিলা করতে পারবেন।