ট্রাম্প আবারও শালীনতার সীমা অতিক্রম করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কেব্ল টিভি টক শোর নারী সঞ্চালকের বিরুদ্ধে টুইটারে ব্যক্তিগত ও অশালীন আক্রমণ করে সব মহল থেকে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সকালে পরপর দুটি টুইট বার্তায় ট্রাম্প এমএসএনবিসির হোস্ট মিকা ব্রেজিনস্কিকে প্রথমে ‘স্বল্প বুদ্ধিসম্পন্ন’ বলে পরিহাস করেন। ছয় মিনিট পরে পাঠানো দ্বিতীয় টুইট বার্তায় তিনি মন্তব্য করেন, ফ্লোরিডায় তাঁর প্রাইভেট ক্লাব মার-আ-লাগোয় কয়েক মাস তাঁদের যখন দেখা হয়, সে সময় প্লাস্টিক সার্জারির কারণে মিকা ব্রেজিনস্কির ‘মুখ থেকে প্রবলভাবে রক্ত ঝরে পড়ছিল’।
নারীদের দেহ ও মুখাবয়ব নিয়ে ট্রাম্প এই প্রথম কোনো অশালীন মন্তব্য করলেন, তা নয়। নির্বাচনী প্রচারণার সময় তিনি তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী কার্লিফিওরিনার চেহারা নিয়ে পরিহাস করেছিলেন। অপর প্রতিদ্বন্দ্বী টেডক্রুজের স্ত্রী ও নিজের স্ত্রীর ছবি পাশাপাশি রেখে ঠাট্টা করে বলেছিলেন, এমন অসুন্দর নারীকে আমেরিকার ফার্স্ট লেডি ভাবা যায় না। প্রথম টিভি বিতর্কের পর ফক্স নিউজের মেগান কেলি সম্পর্কে বলেছিলেন, তাঁর দেহ থেকে বা দেহের কোন জায়গা থেকে রক্ত ঝরে পড়ছিল। এর আগে কয়েক বছর আগে ‘একসেস হলিউড’ নামক টিভি অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক বিলি বুশকে তিনি গর্ব করে বলেছিলেন, ‘মেয়েদের যৌনাঙ্গে হাত দিয়েও আমি অনায়াসে পার পেয়ে যাই, কারণ আমি একজন তারকা।’
অনেকে আশা করেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তাঁর পুরোনো অভ্যাস বদলাবেন এবং ‘অধিকতর প্রেসিডেন্টসুলভ আচরণ’ করবেন। মিকা ব্রেজিনস্কির প্রতি টুইটার আক্রমণের পর ট্রাম্পের নিজের দলের নেতারাই সমালোচনায় সোচ্চার হয়েছেন। এ পর্যন্ত দেশের দুই প্রধান দলের প্রায় ৩০ জন কংগ্রেস সদস্য ট্রাম্পের ব্যবহারকে অশালীন ও প্রেসিডেন্ট হিসেবে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, বিশ্বের মানুষ তাঁর ব্যবহার দেখে মুখ টিপে হাসছে। রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স বলেছেন, ট্রাম্পের এই জাতীয় ব্যবহার বন্ধ হওয়া দরকার। কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের ব্যবহার খোলামেলাভাবে নারীবিরোধী ও অশালীন। এমন ব্যবহার প্রেসিডেন্টের জন্য অত্যন্ত বেমানান।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তাঁর স্বামীকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন। তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে একজন মুখপাত্র মনে করিয়ে দেন, মেলানিয়া ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই বলেছিলেন, একবার আক্রান্ত হলে ডোনাল্ড ট্রাম্প ১০ গুণ জোরে পাল্টা আঘাত করেন। মেলানিয়া হোয়াইট হাউসের ঘোষিত ‘ইন্টারনেটের মাধ্যমে ত্রাসে’র বিরুদ্ধে একটি ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন।
অশালীনতা ট্রাম্পের জন্য একটি নিয়মিত ব্যাপার, কিন্তু তাকে ‘স্বাভাবিক’ বলে মেনে নেওয়ার বিরুদ্ধে অবস্থান গ্রহণের কথা বলেছেন একাধিক ভাষ্যকার। নিউইয়র্ক টাইমস-এর সংবাদদাতা ম্যাগিহ্যাবেরমান বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট যদি এই ভাষায় কথা বলেন, তাহলে আমাদের ছেলেমেয়েরাও একই ভাষায় কথা বলবে।’ কানেকটিকাট থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য জিম হাইমসও একই কথা বলে প্রশ্ন তুলেছেন, আমেরিকায় কি এমন কোনো পিতামাতা আছেন যাঁরা নিজের সন্তানদের মুখে এমন কথা শুনলে তাকে শাস্তি না দিয়ে থাকতে পারতেন?