ট্রাম্প আবারও সুপ্রিম কোর্টে!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শেষ খড়কুটো আশ্রয় করে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা করছেন। গতকাল রোববার ট্রাম্পের প্রচার শিবির থেকে পেনসিলভানিয়া রাজ্যের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য আরেকটি মামলা করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী জন ইস্টম্যান সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে জরুরি বিবেচনার আবেদন জানিয়েছেন। ৬ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনের আগেই এমন মামলার শুনানি ও সুরাহা করার আবেদন জানানো হয়েছে। নির্বাচনে স্পষ্ট পরাজিত হয়েও নিজের জয় চুরি হয়ে গেছে, ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেই যাচ্ছেন ট্রাম্প।
নতুন এ মামলায় পেনসিলভানিয়া রাজ্যে সুপ্রিম কোর্টে খারিজ হওয়া তিনটি মামলার আদেশ পাল্টানোর আবেদন জানানো হয়েছে। এ তিনটি পৃথক মামলাই ছিল রাজ্যের ডাক ভোট বাতিলসংক্রান্ত। মহামারির কারণে অন্যান্য রাজ্যের মতো পেনসিলভানিয়া রাজ্যে ডাক ভোটের কিছু নিয়ম পাল্টানো হয়। এমন নিয়ম পাল্টানোর জন্য নির্বাচনের আগেই রাজ্যের নির্বাচনী বোর্ড আদালতের নির্দেশনা গ্রহণ করে।
নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প শিবির থেকে ডাকযোগে ভোট গ্রহণের সময় নিয়ে আপত্তি ওঠানো হয়। রাজ্যের সুপ্রিম কোর্টে বলা হয়, নির্বাচন বোর্ড নিয়ম পাল্টানোর এমন কাজ করতে পারে না। রাজ্যের আদালতও এখতিয়ারবহির্ভূত অনুমতি প্রদান করেছে। ট্রাম্প শিবিরের এ–সংক্রান্ত মামলা রাজ্যের ফেডারেল কোর্ট সরাসরি খারিজ করে দেন।
৩ নভেম্বর নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী সব কটি রাজ্যের ভোট সার্টিফাই হয়ে গেছে।
কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প–সমর্থক কিছু আইনপ্রণেতা আপত্তি জানাবেন ইলেক্টোরাল কলেজের নির্বাচনের যথার্থতা নিয়ে। এমন আপত্তি উঠিয়ে ফলাফল পাল্টে দেওয়ার মতো কিছু করা সম্ভব বলে কেউ মনে করছে না। তখনো ট্রাম্প শিবিরের পক্ষে আরেক দফা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়াস নেওয়া হবে।
নির্বাচনের পর জালিয়াতি ও কারচুপির ভুয়া অভিযোগ নিয়ে ট্রাম্প শিবিরের অন্তত ৫০টি মামলা বিভিন্ন আদালতে খারিজ হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত ইউএস সুপ্রিম কোর্টও নির্বাচনের ফলাফলের বিরোধ নিয়ে ট্রাম্পের কোনো মামলা আমলে নেননি।
পেনসিলভানিয়া আদালতের মামলার রায় পাল্টে দিতে চান ট্রাম্প। রাজ্যের আইনপ্রণেতাদের কাছে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ার আদেশ কামনা করা হয়েছে নতুন আবেদনে। শুধু এ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে বিরোধ উপস্থাপন করলেও ট্রাম্পের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রয়োজনের ২৭০ ভোটের অনেক বেশি, ৩০৬ ইলেক্টোরেল ভোট পেয়েছেন। সুপ্রিম কোর্টে কোনো এক দফা সফল হলে অন্য কয়েকটি রাজ্য নিয়ে এমন বিরোধ উপস্থাপনের স্বপ্ন এখনো দেখছেন ডোনাল্ড ট্রাম্প।
এর মধ্যে হোয়াইট হাউসে বসে ট্রাম্প যুক্তরাষ্ট্রে সামরিক শাসন জারি করার মতো কথা বিবেচনা করেছেন বলে সংবাদ বেরিয়েছে। কয়েকটি রাজ্যে সামরিক শাসন জারি করার এমন আলোচনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সবই ভুয়া সংবাদ।
ট্রাম্প তাঁর একসময়ের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে দিয়ে সলাপরামর্শ করার কথা সংবাদমাধ্যমে এসেছে। মাইকেল ফ্লিন রাশিয়া কেলেঙ্কারিতে জড়িয়ে কারাগারে ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি তাঁকে সাধারণ ক্ষমতায় বের করে নিয়ে এসেছেন।
সামরিক হস্তক্ষেপ করে কয়েকটি রাজ্যের পুনর্নির্বাচন করার কথা আলোচনা হচ্ছিল। অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল ফ্লিন এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সলাপরামর্শ করছেন বলেও কোনো কোনো পত্রিকায় রিপোর্ট করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প এমন সংবাদকে ভুয়া বলে উল্লেখ করেছেন। ট্রাম্প তাঁর টুইট বার্তায় ‘ফেক নিউজ’ বলে সংবাদমাধ্যমগুলোকে হামলা করেছেন।
জন ব্লটন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে একজন অযোগ্য ও অদক্ষ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। বল্টন বলেন, ২০ জানুয়ারি কাছে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প আরও মন্দ হয়ে উঠছেন বলে কথা উঠেছে। কথাটি ঠিক নয়, ডোনাল্ড ট্রাম্প বরাবরের অযোগ্য ও অদক্ষ লোক। স্বভাবচরিত্রও একই বলে জন বল্টন তাঁর অভিজ্ঞতা থেকে উল্লেখ করেছেন।