মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
ট্রাম্প আরবি পড়তে না পারলেও আরবিকে ভয় পান?
নুইসেন্স কমিটি—এই নামের একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটি মিশিগানের ডিয়ারবর্ন শহরে মহাসড়কে নতুন একটি বিলবোর্ড স্থাপন করেছে। এতে আরবিতে লেখা আছে, ‘এখানে যা লেখা আছে ট্রাম্প তা পড়তে পারেন না, কিন্তু একে তিনি ভয় পান।’ মিশিগানের প্রধান শহর ডেট্রয়টে ও তার আশপাশে এক উল্লেখসংখ্যক আরব-আমেরিকান ও অন্যান্য মুসলমানের বাস। ডিয়ারবর্ন শহরে মোট অধিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ আরব। এখানে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকানদেরও বাস। ডেট্রয়েটের সন্নিকটে হ্যামট্রামিকের একটি অঞ্চলকে গত বছর আনুষ্ঠানিকভাবে ‘বাংলা টাউন’ নামে অভিহিত করা হয়েছে।
নুইসেন্স কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, এই এলাকার আরব ও মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই আরবি বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। সেখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, যেখানে মুসলিমদের বিরুদ্ধে ট্রাম্প যেসব কথা বলেছেন, তার পূর্ণ বিবরণ রয়েছে। মুখপাত্র জানান, নভেম্বরের নির্বাচনে মুসলিম-আমেরিকানরা যাতে ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে অনুপ্রাণিত হন, সেই লক্ষ্যেই এই বিলবোর্ডটি স্থাপিত হয়েছে।