ট্রাম্প আসার আগেই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ঢোকার অপেক্ষায় মেক্সিকো সীমান্তে শরণার্থীরা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে ঢোকার অপেক্ষায় মেক্সিকো সীমান্তে শরণার্থীরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে আগামীকাল শুক্রবার ২০ জানুয়ারি ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর এই দায়িত্ব নেওয়ার বিষয়টিকে সামনে রেখে মেক্সিকোর শরণার্থীরা তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ঢুকে পড়তে চাইছেন। নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান দলের এই প্রার্থী অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, মেক্সিকোর তাপদগ্ধ ওই মরুময় সীমান্তে শরণার্থীদের সামনে রয়েছে রক্ষীদের কঠোর পাহারা, মাথার ওপর চষে বেড়াচ্ছে ড্রোন, পায়ের তলায় বিষধর সাপ আর পেছনে মানব পাচারকারী চক্র। এসব বাধা উপেক্ষা করেই শরণার্থী বা অভিবাসন-প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে তৎপর। কারণ তাঁরা জানেন, ট্রাম্প এলেই মেক্সিকো সীমান্তে প্রাচীর উঠবে।

সীমান্তবর্তী কাবোরকা এলাকায় হন্ডুরাসবাসী শরণার্থীদের লক্ষ্য করে আবর্জনা ছুড়ে মেরেছে। তবু তাঁরা দমেননি।

মেক্সিকোর শরণার্থী উইলসন (৪৮) বলেন, কয়েক দিন ধরেই তিনি সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছেন। কষ্টের এই যাত্রায় তাঁর অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। বড়দিন আর নববর্ষ কেটেছে সীমান্ত পার হওয়ার অপেক্ষায়।

উইলসন বলেন, টিভিতে তিনি ট্রাম্পকে শরণার্থীদের প্রতি ঘৃণা প্রকাশ করতে দেখেছেন। ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ করবেন। তখনই মনে হয়েছে, ঢুকতে হলে এখনই ঢুকতে হবে। না হলে আর হবে না।

মেক্সিকোর সরকারি জরিপ থেকে পাওয়া তথ্য বলছে, তারা প্রতি মাসে হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটক করছে। দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের গভর্নররা এই সপ্তাহের শেষে আহ্বান জানিয়ে বলেন, শরণার্থীদের সামলাতে তাঁদের আরও সম্পদ দরকার।

স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মী লরা রামিরেজ বলেন, এক দিনে অভিবাসীদের তিনি বিনা মূল্যে ২০০-এরও বেশি দুপুরের খাবার বিতরণ করেছেন। কিন্তু প্রতিদিন অনেক অনেক অভিবাসী আসছে।

সরকারি অভিবাসী-বিষয়ক টাস্কফোর্সের নেতা সের্গেই ফ্লোরস বলেন, সীমান্তবর্তী সাসাবেতে বেড়া নির্মাণ করা হয়েছে। সেটা টপকে অভিবাসীরা ঢুকে পড়ার চেষ্টা করছেন।

ফ্লোরস বলেন, নিরাপত্তাকর্মীদের চোখ এড়াতে অভিবাসীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। যেমন মরুভূমির বালিতে পড়ে থাকা পানির বোতলে সূর্যের আলো চিকচিক করে। তাই সেগুলো কালো রং করা হয়। বালিতে পায়ের ছাপ যাতে না পড়ে, এ জন্য অভিবাসীরা নরম জুতো ব্যবহার করেন। অনেকে এমনভাবে জুতোর সোল তৈরি করেন, যাতে তাঁদের পায়ের ছাপ গরুর পায়ের ছাপের মতো দেখায়।

ফ্লোরস আরও বলেন, শরণার্থীদের পিঠের ব্যাগে থাকে জ্যাকেট, সাপের কামড়ের ওষুধ, আগুন জ্বালানোর জন্য অ্যালকোহল, পাউডার, ব্যথানাশক ওষুধ।

নির্বাচনী প্রচারে ট্রাম্প মেক্সিকোর অভিবাসীদের প্রতি তাঁর ঘৃণার কথা জানান। মেক্সিকো সীমান্তে তিনি প্রাচীর নির্মাণ করার কথাও বলেন। এ কারণেই ট্রাম্প আসার আগে যেভাবেই হোক ঢোকার চেষ্টা করছেন শরণার্থীরা।