ট্রাম্প আসার পর অনুপ্রবেশ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী আসা নাটকীয়ভাবে কমেছে। অভিবাসন নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের কারণে এমনটি ঘটছে বলে মনে করা হচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি মাসভিত্তিক হিসাব দেখিয়ে বলেছেন, দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে আগের বছরের চেয়ে অবৈধদের প্রবেশ ৪০ শতাংশ কমেছে। এ সময়টিতে সাধারণত এ সীমান্ত দিয়ে ব্যাপকসংখ্যক অবৈধ অভিবাসীর আগমন ঘটে। গত ২০ বছরের মধ্যে এবারই এ সংখ্যা হ্রাস পেয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটির পর্যালোচনায় উঠে এসেছে।

জানুয়ারি মাসে দক্ষিণ-পশ্চিমের সীমান্ত দিয়ে ৩১ হাজার ৫৭৮ জন প্রবেশ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন। তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে এ ধরনের প্রবেশের সংখ্যা ১৮ হাজার ৭৬২ জনে নেমে আসে।

অভিবাসন নিয়ন্ত্রণের জন্য সোচ্চার সংগঠন ‘আমেরিকা ইমিগ্রেশন রিফর্ম’-এর প্রেসিডেন্ট ডেন স্টেইন বলেছেন, সীমান্তে কড়াকড়ি করায় কাজ হচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন কেলি বলেছেন, এ সংবাদটি উৎসাহজনক। প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ের পর থেকে অবৈধ অভিবাসীদের প্রবেশের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের প্রবেশ হ্রাস মানেই বেপরোয়া অভিবাসীদের বিপজ্জনক যাত্রা কমে আসছে।

উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে কায়টি নামে পরিচিত দালালের মাধ্যমে নিয়মিত যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পথ দিয়ে অবৈধ অভিবাসীদের আগমন ঘটে। এ জন্য দালালকে সাড়ে তিন থেকে আট হাজার ডলার দিতে হয়। গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ গ্রহণ করার জন্য মার্চ থেকে মে মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে।

জন কেলি বলেছেন, এ বছরের লক্ষণ ভালো হলেও সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রাখা হবে।

ওবামা প্রশাসনের সময়কার কাস্টম এনফোর্সমেন্ট প্রধান জন সেন্ট ওয়েগ বলেছেন, শুধু সীমান্তের কড়াকড়িটাই বিষয় নয়। কাজের মৌসুম, অর্থনৈতিক বাস্তবতাসহ আরও বেশ কিছু কারণ রয়েছে। দীর্ঘমেয়াদি হিসাব ছাড়া এখন এ ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব নয়।

‘আমেরিকা ইমিগ্রেশন রিফর্ম’-এর প্রেসিডেন্ট ডেন স্টেইন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত কথা সহজভাবে সব মহলের বোধগম্য হয়েছে। অবৈধ অভিবাসনের বিরোধীদের কাছে বার্তাটি অপছন্দের হলেও আইনের বার্তাটি সহজভাবে সবার কাছে পৌঁছেছে। আমেরিকায় বসবাসের জন্য যে চাহিদা রয়েছে, তা আইন লঙ্ঘন করে যাতে কেউ পূরণ করতে না পারে, সেই বার্তাটি সহজভাবে অভিবাসী এবং পাচারকারীরা পেয়ে গেছেন।