ট্রাম্প এএফপির 'পারসন অব দ্য ইয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা এএফপির জরিপে ‘বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব’ (পারসন অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন। তালিকায় ট্রাম্পের পরে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
জরিপে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় কাজ করা এএফপির সব সাংবাদিকের ভোট নেওয়া হয়। ২০১৬ সালে বারবার সংবাদের শিরোনামে এসেছেন বা সংবাদ সৃষ্টি করেছেন এমন ৩০ জন ব্যক্তির একটি তালিকা থেকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বেছে নিতে বলা হয়েছিল সাংবাদিকদের।
জরিপে এএফপির প্রায় তিন শ সাংবাদিক অংশ নেন। শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় এরদোয়ানের পরেই আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। পঞ্চম স্থানে আছেন যুক্তরাজ্যের ইনডিপেনডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ। সপ্তম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা আছেন দশম স্থানে। এর আগে অষ্টম ও নবম স্থানে আছেন যথাক্রমে পোপ ফ্রান্সিস এবং এ বছর সাহিত্যে নোবেল পাওয়া মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান।